কেন্দ্রীয় কমিটিতে স্থান না পাওয়ায় অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটিতে স্থান না পাওয়ার প্রতিবাদে গতকাল বুধবার বেলা দেড়টার দিকে চট্টগ্রাম নগরগামী শাটল ট্রেন প্রায় আধা ঘণ্টা অবরোধ করে রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা। এ সময় সাধারণ শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েন। পরে বেলা দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যদের উপস্থিতিতে অবরোধ তুলে নেওয়া হয়।ছাত্রলীগের নেতা-কর্মীরা এ সময় বিশ্ববিদ্যালয়ের মূল ফটক তালাবদ্ধ করে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেন। এতে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ও নগরগামী বাস চলাচল বন্ধ হয়ে যায়।ছাত্রলীগের নেতা-কর্মীদের শাটল ট্রেন অবরোধ ও বিশ্ববিদ্যালয়ের মূল ফটক তালাবদ্ধ করার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির কর্মকর্তা মিজানুর রহমান।এর আগে গতকাল দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। বিশ্ববিদ্যালয় রেলস্টেশনে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, মৌলবাদবিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারী ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীদের অবিলম্বে কেন্দ্রীয় কমিটিতে স্থান দিতে হবে। না হয় আগামীতে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কঠোর আন্দোলন কর্মসূচি পালন করা হবে।বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মামুনুল হকের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মামুনের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি আবুল মনসুর সিকদার, সহসভাপতি রন্টু দাশ, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, রুবায়েত হোসেন প্রমুখ।ক্যাম্পাসে কর্মসূচি পালন প্রসঙ্গে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সাহেদ সরওয়ার প্রথম আলোকে বলেন, সদ্য ঘোষিত কমিটিতে মৌলবাদ ও শিবিরবিরোধী আন্দোলনে সক্রিয় নেতা-কর্মীদের প্রতি বিমাতাসুলভ আচরণ করা হয়েছে। এসব কর্মসূচি তৃণমূলের নেতা-কর্মীদের হতাশার বহিঃপ্রকাশ।