কেন্দ্রীয় কারাগার চত্বরে কম্বল কারখানায় আগুন

রাজধানীর বকশীবাজারে ঢাকা কেন্দ্রীয় কারাগার চত্বরের ভেতরে গড়ে ওঠা একটি কম্বল কারখানায় গতকাল শুক্রবার বিকেলে আগুন ধরে যায়। এতে কয়েক কোটি টাকার কম্বল ও যন্ত্রপাতি পুড়ে গেছে বলে দাবি করা হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে ধোঁয়ায় কয়েকজন সামন্য অসুস্থ হয়ে পড়েন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সীমানার ভেতরের এ কারখানাটির নাম ‘কাজল উলেন মিলস লিমিটেড’। নেত্রকোনা-৫ আসনের সরকারদলীয় সাংসদ ওয়ারেসাত হোসেন বেলাল কারখানাটির মালিক। ওই কারখানার কয়েক ফুট দূরেই কয়েদি ও হাজতিদের এলাকার সীমানপ্রাচীর। এ কারখানায় বাইরের শ্রমিকদের দিয়ে কম্বল তৈরি করে তা সরকারি প্রতিষ্ঠানে সরবরাহ করা হয়।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, গতকাল বিকেল চারটা ২০ মিনিটে কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট পৌনে দুই ঘণ্টা চেষ্টা করে সন্ধ্যা ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
কারখানার একজন শ্রমিক সাংবাদিকদের জানান, কাটিং মেশিনে কাজ করার সময় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। চলন্ত মেশিন থেকে আগুনের স্ফুলিঙ্গ ছিটকে কম্বলের ওপরে পড়লে তাতে আগুন ধরে যায়।
কারখানার মালিক সাংসদ ওয়ারেসাত হোসেন প্রথম আলোকে বলেন, সরকারের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের জন্য দুই লাখ ২১ হাজার ৪০০টি এবং কারা কর্তৃপক্ষের জন্য ২০ হাজার কম্বল তৈরি করা হয়েছিল। এগুলো কারখানার গুদামে ছিল। গুদামের একটি বাল্ব ফেটে কম্বলের ওপরে পড়ার কারণে আগুনের সূত্রপাত হয়। তিনি দাবি করেন, এতে ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে। কম্বলের সঙ্গে কিছু যন্ত্রপাতিও পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত মহাপরিচালক জিয়াদুল ইসলাম জানান, আগুন লাগার পরপর কারখানার বিদ্যুৎ-সংযোগ বন্ধ করে দেওয়া হয়।