কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু পিটিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা কেন্দ্রীয় কারাগারে শামছু মিয়া (৪০) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, গ্রেপ্তারের পর পুলিশের পিটুনিতে শামছু অসুস্থ হয়ে পড়েন। পরে তিনি মারা যান। শামছু পেশায় গাড়িচালক।হাসপাতাল সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেল চারটার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে শামছুকে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ছয়টার দিকে তাঁর মৃত্যু হয়।মৃত ব্যক্তির স্ত্রীর বড় ভাই ওয়াজেদ আলী জানান, গত ৯ মে রোববার বেলা দুইটার দিকে গাড়ি চালানো শেষে শামছু যাত্রাবাড়ীর কুতুবখালীর বাসায় ফিরছিলেন। বাসার কিছু দূরে তিনি দাঁড়িয়ে হারুন নামের এক যুবকের সঙ্গে কথা বলছিলেন। এ সময় সাদা পোশাকে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) শামসুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল দুজনকেই ধরে থানায় নিয়ে যায়।ওয়াজেদ অভিযোগ করেন, গ্রেপ্তারের পর দুজনের কাছেই এসআই শামসুল ইসলাম টাকা দাবি করেন। দাবি করা টাকা দেওয়ায় হারুনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয় এবং টাকা দিতে ব্যর্থ হওয়ায় শামছুকে চার বোতল ফেনসিডিলসহ আটক দেখানো হয় এবং শামছুকে বেদম মারধর করা হয়। ওয়াজেদ বলেন, গ্রেপ্তার হওয়ার দিন রাতে তিনি শামছুকে ছাড়িয়ে নিতে চেষ্টা করে ব্যর্থ হন। পরের দিন শামছুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গতকাল মঙ্গলবার দুপুরে কারাগারে শামছুর মৃত্যু হয়েছে বলে তাঁরা খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন। জানতে চাইলে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, থানা হাজতে মারধরের অভিযোগ সঠিক নয়। এই মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন উপপরিদর্শক কামরুন্নাহার। বর্তমানে কামরুন্নাহার ও শামসুল ইসলাম দুজনেই ছুটিতে আছেন। তিনি বলেন, মৃত শামছুর পরিবারের অভিযোগটি খতিয়ে দেখা হবে।লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন জেলা প্রশাসনের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মফিজুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, মৃতের শরীরে উল্লেখ করার মতো আঘাতজনিত কোনো চিহ্ন পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দা আবুল হোসেন জানান, গ্রেপ্তার হওয়া যুবক হারুন ফেনসিডিল ব্যবসার সঙ্গে জড়িত বলে তিনি শুনেছেন। পুলিশ হারুনকে গ্রেপ্তার করতে এসে শামসুকেও গ্রেপ্তার করে। শামছু মিয়ার বাবার নাম মৃত হোসেন মিয়া। গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া থানার শাহুরা গ্রামে। তিনি দুই ছেলেসন্তানের জনক ছিলেন।