কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর করলেন ছাত্রদলের বিক্ষুব্ধ কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিনেও নতুন কমিটি না হওয়ায় জাতীয়তাবাদী ছাত্রদলের বিক্ষুব্ধ কর্মীরা গতকাল বৃহস্পতিবার সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর করেছেন। সেখানে প্রায় এক ঘণ্টা বিক্ষোভও করেন তাঁরা। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।বেলা পৌনে একটায় ছাত্রদলের সাবেক সহসভাপতি নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি হাসান মামুন এবং কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক সাঈদ ইকবালের অনুসারীরা নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এসে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে সেখানে উপস্থিত প্রায় ৫০ জন নেতা-কর্মী ভবনের চতুর্থ তলায় ছাত্রদলের কক্ষে গিয়ে ভাঙচুর চালান। তাঁরা জানালার কাচ ভাঙচুর করেন এবং সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলামের ছবি দেয়াল থেকে নিচে ফেলে দেন। বিক্ষুব্ধ কর্মীরা ছাত্রদলের নেতাদের মুক্তির দাবিতে সাঁটানো পোস্টার ছিঁড়ে রাস্তায় ফেলে তাতে আগুন দেন। খবর পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ঘটনাস্থলে যান। ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেন। মির্জা ফখরুল সমস্যা সমাধানের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আবুল হাসান ক্ষোভ প্রকাশ করে সাংবাদিকদের বলেন, দুই বছরেও ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়নি। তা ছাড়া বিভিন্ন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের কমিটি গঠনে ব্যর্থতা রয়েছে। বিক্ষোভকারী ছাত্রদলের নেতা-কর্মীরা মির্জা ফখরুলের কাছে নতুন কমিটি গঠনের দাবি করেন। মির্জা ফখরুল তাঁদের বলেন, ‘কমিটি গঠনের কাজ চলছে। তোমরা যে ভাষায় প্রতিবাদ করছ, তা ঠিক নয়।...দলের এই দুঃসময়ে তোমরা এভাবে ক্ষোভ প্রকাশ করতে পারো না।’এ সময় ছাত্রদলের এক নেতা বলেন, ‘তারেক রহমানের কর্মসূচিতে ৮০০ নেতা-কর্মী হলে গ্রেপ্তারের প্রতিবাদ কর্মসূচিতে হাজার হাজার নেতা-কর্মী হয়। আপনারা এসব দেখেন না?’ এ সময় ধমক দিয়ে মির্জা ফখরুল বলেন, ‘তোমরা কি আমাদের চেয়ে বড় বিএনপি হয়ে গেছ।’ছয় মাসের জন্য সাময়িকভাবে গঠিত হলেও চলতি মাসের ১ তারিখ ছাত্রদলের কমিটি দুই বছর পার করেছে। ঘটনার পর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খানসহ কমিটির নেতারা কার্যালয়ে গিয়ে বৈঠক করেন। বৈঠকে উপস্থিত এক নেতা জানান, সংগঠনের নেতারা ‘বিদ্রোহী’ এই অংশের আচরণকে ভালোভাবে নেননি। এ ব্যাপারে ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলাম বলেন, ‘ছাত্রদলের কয়েকজন উচ্ছৃঙ্খল কর্মীর নেতৃত্বে কমিটির বাইরের কিছু কর্মী কার্যালয়ে ভাঙচুর করেছে। বিষয়টি চেয়ারপারসনকে জানানো হবে। দলই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’