চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কেন্দ্রীয় গ্রন্থাগারে চালু হতে যাচ্ছে ‘মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক একটি কর্নার। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে চুয়েটের উপাচার্য মোহাম্মদ রফিকুল আলম কর্নারটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।
কর্নারটিতে মুক্তিযুদ্ধভিত্তিক সাড়ে তিন শ বই, ২০টি আলোকচিত্র ও ৩০টি প্রামাণ্যচিত্রের সিডি থাকবে। এ ছাড়া কর্নারে থাকবে ‘বাংলাদেশের মুক্তিসংগ্রামের আলোকচিত্রমালা’ শিরোনামে ২০০ পৃষ্ঠার আলোকচিত্র অ্যালবাম। মুক্তিযুদ্ধে শহীদ হওয়া চুয়েটের দুই শিক্ষার্থী শহীদ মোহাম্মদ শাহ এবং শহীদ তারেক হুদার আলোকচিত্রও রাখা হবে। কর্নারটি প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।
কর্নারটি চালু হওয়া প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ যে স্বাধীনতা পেয়েছে, তা নতুন প্রজন্মসহ সবার সামনে যথাযথভাবে তুলে ধরতে হবে। এই প্রয়াসের অংশ হিসেবে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক কর্নারটি চালু করা হচ্ছে।