কেন্দ্রীয় তহবিলের ডিজির অব্যাহতি আদেশ স্থগিত

শ্রম মন্ত্রণালয়ের আওতাধীন কেন্দ্রীয় তহবিলের মহাপরিচালকের দায়িত্ব থেকে এ এম এম আনিসুল আউয়ালকে অব্যাহতি দিয়ে নতুন মহাপরিচালক নিয়োগের আদেশ ৩০ দিনের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এক রিটের শুনানি নিয়ে আজ সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
নথিপত্রে দেখা যায়, এর আগে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ২ জুন এক আদেশে মো. আমির হোসেনকে (সাবেক অতিরিক্ত সচিব) কেন্দ্রীয় তহবিলের মহাপরিচালক পদে নিয়োগ দেয়। একই আদেশে এ এম এম আনিসুল আউয়াল কেন্দ্রীয় তহবিলের মহাপরিচালকের দায়িত্ব হতে অব্যাহতি দেওয়া হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে আনিসুল আউয়াল গত রোববার হাইকোর্টে রিটটি জমা দেন।
আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী রুহুল কুদ্দুস ও সানজীদ সিদ্দিকী। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার ও সহকারী অ্যাটর্নি জেনারেল অবন্তী নূরুল।
পরে আইনজীবী সানজীদ সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ২০১৮ সালের ১ জুলাই আনিসুল আউয়ালকে (সাবেক যুগ্ম সচিব) তহবিলের মহাপরিচালক পদে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এই মেয়াদ শেষের আগে কোনো ধরনের নোটিশ ছাড়াই ২ জুন তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। তাঁকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয়নি, যা নিয়োগের চুক্তির শর্তের পরিপন্থী। এসব যুক্তিতে রিটটি করা হয়। হাইকোর্ট শ্রম মন্ত্রণালয়ের ২ জুনের ওই আদেশ ৩০ দিনের জন্য স্থগিত করেছেন। ফলে কেন্দ্রীয় তহবিলের মহাপরিচালক হিসেবে আনিসুল আউয়ালের দায়িত্ব পালনে বাধা নেই।