কেন্দ্রীয় নেতাদের সামনে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের সামনে জিয়া হলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরের এ ঘটনায় তাৎক্ষণিকভাবে সাতজনকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় নির্বাহী সংসদ।
এর আগেও গত মঙ্গলবার গভীর রাতে একই কারণে মারামারি করেন সভাপতি-সাধারণ সম্পাদকের অনুসারীরা। এ ঘটনায় হল শাখার সভাপতি ও সাধারণ সম্পাদককেও কারণ দর্শাতে বলা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জিয়া হল শাখা ছাত্রলীগের সভাপতির অনুসারী সহসভাপতি এইচ এম সাদ্দাম আহসান ও সাধারণ সম্পাদকের অনুসারী ইশতিয়াক আহমেদ সোহাগের সঙ্গে মঙ্গলবার রাতের ঘটনা নিয়ে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। সেখানে দুজনের বন্ধুরা যোগ দিলে ঘটনা তীব্র আকার ধারণ করে। কেন্দ্রীয় নেতাদের কোনো কথাই শোনেননি তাঁরা।
হল সভাপতি আবু সালমান প্রধানের বহিষ্কৃত কর্মীদের দাবি, এক বছর আগে বহিষ্কৃত হয়েছিলেন সোহাগ। কিন্তু সাধারণ সম্পাদকের সঙ্গে তিনি নিয়মিত ছাত্রলীগের কর্মসূচিতে অংশ নেন। এ প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করলে তিনি বন্ধুদের নিয়ে তাঁদের ওপর হামলা চালান।
তবে সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স বলেন, শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। সোহাগের বহিষ্কারাদেশের মেয়াদ শেষ হয়েছে।