কেন্দ্রীয় নেতাদের সামনে দুপক্ষের সংঘর্ষের কারণে সভা বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে গতকাল বুধবার জেলা বিএনপির নেতাদের সঙ্গে দলের কেন্দ্রীয় নেতাদের নির্ধারিত সভা হয়নি। দলের দুই পক্ষের সংঘর্ষের কারণে সভা বাতিল করে কেন্দ্রীয় নেতারা চলে যান। সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহত নয়জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।সুনামগঞ্জ জেলা বিএনপি সূত্রে জানা গেছে, দলের নতুন জেলা কমিটি নিয়ে সৃষ্ট বিরোধের মীমাংসা ও সাংগঠনিক আলোচনার জন্য বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী গতকাল সুনামগঞ্জ সফরে আসেন। জেলায় দলের কেন্দ্রীয় কমিটির সদস্য, জেলা কমিটি এবং বিভিন্ন থানা ও উপজেলা কমিটির পদধারী নেতাদের সঙ্গে একাধিক সভা করার কথা ছিল তাঁদের। সুনামগঞ্জ শহরের প্রেসক্লাব মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়েছিল।প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, প্রেসক্লাব মিলনায়তনে সকাল থেকে জেলা বিএনপির সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক কলিমউদ্দিন মিলন ও তাঁদের সমর্থকেরা অবস্থান নেন। দুপুর ১২টার দিকে কেন্দ্রীয় নেতারা সুনামগঞ্জ শহরে পৌঁছান। এ সময় তাঁদের স্বাগত জানান এবং মিছিল সহকারে প্রেসক্লাবে নিয়ে যান জেলা বিএনপির সভাপতি ফজলুল হক আছপিয়া ও তাঁর কর্মী-সমর্থকেরা। এরপর মিলনায়তনে ঢোকা নিয়ে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের নেতা-কর্মীরা সংঘর্ষে লিপ্ত হন। এ সময় সভাপতি পক্ষের কর্মীরা মারধর করে অপর পক্ষের নেতা-কর্মীদের মিলনায়তন থেকে বের করে দেন। তাঁরা মিলনায়তনের চেয়ার ভাঙচুর করেন। সংঘর্ষে আহত ২০ জনের প্রায় সবাই নাসির-কলিম পক্ষের নেতা-কর্মী। তাঁদের মধ্যে আফজাল চৌধুরী (৩৫), ময়না মিয়া (৩০), তাজুদ মিয়া (৩০), মাহমুদ (২৮), আবদুর রাজ্জাক (৫৫), ফরিদ আহমদ (৪৫), তাজুল ইসলাম (২৯) ও মানিক চৌধুরী (৩৫) ছুরিকাহত হয়েছেন। তাঁদের সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।সংঘর্ষ চলাকালে সভাপতি ফজলুল হকের সামনেই তাঁর সমর্থকেরা সাবেক সাংসদ নাসির উদ্দিন চৌধুরী ও কলিম উদ্দিনকে গালগাল দেন। এ সময় কেন্দ্রীয় নেতা শমসের মবিন চৌধুরী গাড়ি থেকে নামলেও মিলনায়তনে ঢোকেননি। হাফিজ উদ্দিন আহমদ গাড়িতেই বসা ছিলেন।জেলা বিএনপির সাধারণ সম্পাদক কলিমউদ্দিন বলেন, ‘এটা জেলা বিএনপি ও দলের বিভিন্ন শাখার পদধারী নেতাদের সভা ছিল। কোনো কর্মিসভা ছিল না। কিন্তু ফজলুল হক দলবলসহ এসে সভা ভণ্ডুল করে দেন। এ সময় তাঁদের সঙ্গে ক্ষমতাসীন দলের ক্যাডাররাও ছিল।’ কলিমউদ্দিন আরও বলেন, ‘পরিকল্পিতভাবে কেন্দ্রীয় নেতাদের সামনে সভাপতির উপস্থিতিতে তাঁর লোকজন হামলা চালিয়ে সভা বানচাল করেছে। আমাদের কর্মীদের ছুরিকাঘাত করেছে।’জেলা বিএনপির সভাপতি ফজলুল হক বলেন, ‘আমার কাছে খবর ছিল, তারা সকাল থেকেই ক্ষমতাসীন দলের ক্যাডারদের নিয়ে মিলনায়তন দখল করে রেখেছে। আমরা মিলনায়তনে ঢুকতে চাইলে তারা বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে ঠেলা-ধাক্কা হয়েছে। কেউ কাউকে হামলা করেনি।’ ফজলুল হককে সভাপতি, কলিম উদ্দিনকে সাধারণ সম্পাদক ও ফারুক আহমদকে সাংগঠনিক সম্পাদক করে কেন্দ্র থেকে গত ২৬ এপ্রিল সুনামগঞ্জ জেলা বিএনপির ১৫২ সদস্যবিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। এর পর থেকে সভাপতি পক্ষের নেতা-কর্মীরা এই কমিটিকে ‘একতরফা’ আখ্যা দিয়ে বাতিলের দাবি জানিয়ে আসছেন।