কেন্দ্রীয় প্রতিনিধিদলের সরেজমিন তদন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের এমসি কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা সরেজমিনে তদন্ত করেছে সাত সদস্যের একটি কেন্দ্রীয় প্রতিনিধিদল। গত বৃহস্পতিবার দিনভর কলেজ ও আশপাশের এলাকা পরিদর্শন করে ছাত্রলীগের দুই পক্ষের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলেন দলটির সদস্যরা। তাঁরা কলেজ কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শী পুলিশ সদস্যদের সঙ্গেও কথা বলেন।
ছাত্রলীগ সূত্র জানায়, ৭ মার্চ কলেজ ক্যাম্পাসে আধিপত্য বিস্তার নিয়ে জেলা ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ, গুলি ও আগ্নেয়াস্ত্রের মহড়ার খবর গণমাধ্যমে প্রকাশ পায়। পরদিন কেন্দ্রীয় ছাত্রলীগ সাত সদস্যের একটি প্রতিনিধিদল গঠন করে রাতেই সিলেটে পাঠায়।
কেন্দ্রীয় সহসভাপতি মো. মশিউর রহমানের নেতৃত্বাধীন সাত সদস্যের প্রতিনিধিদল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ক্যাম্পাসে অবস্থান করে সংঘর্ষের আগে ও পরের বিষয় সম্পর্কে অবহিত হয়। পরে প্রতিনিধিদলের সদস্যরা কলেজ শাখা নেতা-কর্মীদের সঙ্গে একান্তে কথা বলেন। রাতে তাঁরা শাহপরান থানা-পুলিশের সঙ্গে সাক্ষাৎ করে ঢাকায় ফেরেন।
৭ মার্চ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী ও সাবেক সভাপতি হিরণ মাহমুদের নেতৃত্বাধীন দুই পক্ষে সংঘর্ষ হয়। এতে এক পক্ষের দুই কর্মী গুলিবিদ্ধসহ আহত হন সাতজন।
ছাত্রলীগের একটি সূত্র জানায়, ৭ মার্চের আগের অবস্থা সম্পর্কেও খোঁজ নিয়েছেন তাঁরা। সাবেক ও বর্তমান ছাত্রলীগ নেতাসহ বিভিন্নজনের সঙ্গে আলাপ করে তাঁরা দেখেছেন, এমসি কলেজে ২০১২ সালে ছাত্রশিবিরকে ক্যাম্পাসছাড়া করতে ছাত্রাবাস পোড়ানোর ঘটনার পর থেকে ছাত্রলীগে বিভক্তি দেখা দিয়েছে। এর আগে কোনো বিভক্তি ছিল না।