কেন্দ্রীয় ব্যাংকে নিষিদ্ধ সাংবাদিক!
যুক্তরাষ্ট্রের ব্যাংক থেকে রিজার্ভের অর্থ চুরির ঘটনার পর বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে অলিখিত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পর্যায়ের নির্দেশে তিন দিন ধরে ব্যাংকের মূল ও বর্ধিত ভবনে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আগে ব্যাংকের নির্দিষ্ট অনুমতিপত্র (প্রবেশ পাস) নিয়ে সাংবাদিকেরা দুই ভবনের যেকোনো বিভাগে যাতায়াত করতে পারতেন। কিন্তু নতুন গভর্নর ফজলে কবির যোগ দেওয়ার পরদিন থেকে সাংবাদিকদের প্রবেশাধিকার বন্ধ হয়ে যায়। গত রোববার নতুন গভর্নর বাংলাদেশ ব্যাংকে যোগ দেন।
এর ফলে রিজার্ভের অর্থ চুরির ঘটনাসহ কেন্দ্রীয় ব্যাংকের সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিপাকে পড়েছেন সংবাদকর্মীরা। গতকাল বুধবারও সকাল থেকে কেন্দ্রীয় ব্যাংকে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হন দায়িত্ব পালনকারী সংবাদকর্মীরা। পরে তাঁরা দিনভর মূল ভবনের সিঁড়িতে অপেক্ষমাণ ছিলেন। একাধিক দফায় সাংবাদিকেরা অনুমতিপত্র নিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুমতিপত্র দিতে অপারগতা প্রকাশ করেন। এ সময় কর্মকর্তারা বলেন, সাংবাদিকদের প্রবেশের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা রয়েছে। এ অবস্থায় দুপুরে গভর্নর বাইরে যাওয়ার জন্য বের হলে মূল ভবনের প্রধান ফটকে অপেক্ষমাণ সাংবাদিকেরা এ বিষয়ে তাঁর দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় গভর্নর নিজে বিষয়টি সুরাহায় প্রয়োজনীয় উদ্যোগ নেবেন বলে জানান।
এর আগে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ব্যাংকে একটি মিডিয়া সেন্টার খোলা হবে। সেখানেই সাংবাদিকদের সঙ্গে কথা বলা হবে। সাংবাদিকদের কিছু জানার থাকলে বা কোনো বক্তব্য প্রয়োজন হলে আগে থেকে অবহিত করতে হবে। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম সম্পর্কে কিছু জানানো হলে তা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে জানানো হবে।
এদিকে কেন্দ্রীয় ব্যাংকে দায়িত্ব পালনকারী সংবাদকর্মীদের ভেতরে প্রবেশের নিষেধাজ্ঞার খবর পেয়ে ঘটনাস্থলে যান অর্থনৈতিক সাংবাদিকদের ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি সাইফ ইসলাম ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান। পরে তাঁরা বিষয়টি নিয়ে ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহাও উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে বেরিয়ে এসে ইআরএফ নেতারা অপেক্ষমাণ সাংবাদিকদের জানান, প্রবেশাধিকারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে এ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বলা হয়েছে বলে জানান ইআরএফ নেতারা।
এদিকে বাংলাদেশ ব্যাংকে দুজন ডেপুটি গভর্নর নিয়োগে প্রার্থী বাছাইয়ে সরকার গঠিত সার্চ কমিটির প্রথম সভা আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। আজ বিকেল চারটায় বাংলাদেশ ব্যাংকে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জানা গেছে, কী প্রক্রিয়ায় ডেপুটি গভর্নরের জন্য প্রার্থী বাছাই করা হবে তা নির্ধারণ করবে এ কমিটি। পরে বাছাই করা প্রার্থীদের মধ্য থেকে একটি সংক্ষিপ্ত তালিকা করে তা সরকারের কাছে পাঠানো হবে। ওই তালিকা থেকে সরকার চূড়ান্তভাবে দুজনকে নিয়োগ দেবে। সার্চ কমিটির চেয়ারম্যান হচ্ছেন পিকেএসএফের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ, সদস্যরা হলেন গভর্নর ফজলে কবির, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান জায়েদ বখ্ত ও বিআইডিএসের মহাপরিচালক কে এ এস মুরশিদ। সভা প্রসঙ্গে জায়েদ বখ্ত প্রথম আলোকে বলেন, আগের মতোই পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে আবেদন আহ্বান ও সাক্ষাৎকার গ্রহণ করা হবে। আজকের সভায় আলোচনার পর পুরো প্রক্রিয়াটি চূড়ান্ত করা হবে।