কেন্দ্রীয় ব্যাংকে নৌমন্ত্রীর রাজনৈতিক আলোচনা

বাংলাদেশ ব্যাংকে সিবিএ নেতাদের সঙ্গে রাজনৈতিক আলোচনা করে গেলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। আলোচনা শেষে সাংবাদিকদের তিনি সে কথা জানালেনও।
বাংলাদেশ ব্যাংকের অফিস আদেশে বলা হয়েছিল, সিবিএর সঙ্গে তাঁর আলোচনা সভার বিষয়বস্তু হচ্ছে ব্যাংকের সার্বিক পরিস্থিতি। ব্যাংক চত্বরে টানানো ব্যানারেও তা উল্লেখ ছিল। কিন্তু সারা দেশ থেকে আসা সিবিএ নেতাদের সঙ্গে নৌমন্ত্রী আলোচনা করলেন মূলত রাজনীতি নিয়ে। দুই দিনব্যাপী বাংলাদেশ ব্যাংকের এমপ্লয়িজ
অ্যাসোসিয়েশনের (সিবিএ) এই আলোচনা সভার প্রথম দিন ছিল গতকাল বুধবার। এ সময় ১৪ নভেম্বর প্রথম আলোতেপ্রকাশিত ‘নৌমন্ত্রী এবার ব্যাংক খাতে’ শীর্ষক প্রতিবেদনে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদের মন্তব্য নিয়ে নৌমন্ত্রী বিষোদ্গার করেন।
বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে উপস্থিত থেকে দেখা যায়, নৌমন্ত্রী শাজাহান খান গতকাল বেলা দুইটার কিছু আগে বাংলাদেশ ব্যাংকে যান। এ সময় বাংলাদেশ ব্যাংকের সব পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে নৌমন্ত্রীর আগমনের ব্যাপারে বেশ আগ্রহ দেখা যায়। নৌমন্ত্রী সরাসরি পৌঁছান বাংলাদেশ ব্যাংকের ৩০ তলা ভবনের তৃতীয় তলার সিবিএ কার্যালয়ে। এ সময় গভর্নর ফজলে কবির বাংলাদেশ ব্যাংকে ছিলেন না।
মূল ভবনে নৌমন্ত্রীর সঙ্গে আবু হেনা মোহা. রাজী হাসান, এস কে সুর চৌধুরী, এস এম মনিরুজ্জামান—এই তিন ডেপুটি গভর্নরের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ শেষে সিবিএ কার্যালয়ে গিয়ে মধ্যাহ্নভোজ করেন নৌমন্ত্রী। এরপর সিবিএ নেতাদের সঙ্গে তাঁদের কার্যালয়েই সভা করেন তিনি। এতে সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি।
সভা শেষে বিকেল চারটার কিছু আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শাজাহান খান। বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের সিবিএ জাতীয় শ্রমিক লীগের একটি সংগঠন। তাদের প্রতিনিধি সভায় এসেছি। মন্ত্রী হওয়ার পর তৃতীয়বারের মতো এখানে এসেছি, আগেও এসেছি চারবার।’
প্রথম আলোয় প্রকাশিতপ্রতিবেদনে খোন্দকার ইব্রাহিম খালেদের মন্তব্যের বিষয়ে নৌমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংকে থাকার সময় তিনি নিজেও এসব ভাতা সুবিধা দিয়ে গেছেন। এখন ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন।
প্রতিবেদনে ইব্রাহিম খালেদ বলেছিলেন, ‘আমার ৫৪ বছরের কর্মজীবনে এমন সিদ্ধান্তের কথা শুনিনি। শ্রমিক সংগঠনগুলো নিজেদের মতো কার্যক্রম চালাবে। এ জন্য আলাদা করে ভাতা দেওয়া, সভার সময়কে অফিস সময় হিসেবে গণনা করা—এটা কীভাবে সম্ভব! রীতিমতো অভিনব ঘটনাটি। এটা দিয়েই বোঝা যায়, নিয়ন্ত্রক সংস্থাটি কোন দিকে যাচ্ছে।’
শাজাহান খানের গতকালের মন্তব্যের বিষয়ে যোগাযোগ করা হলে ইব্রাহিম খালেদ গত রাতে প্রথম আলোকেবলেন, ‘আমি সব সময় ব্যাংক তদারকি বিভাগের দায়িত্বে ছিলাম। তাই আমার পক্ষে এমন সুবিধা দেওয়ার প্রশ্নই আসে না। একজন মাননীয় মন্ত্রীর কথা বলার আগে জেনে নেওয়া উচিত। আর সিবিএ নেতাদের এসব ভাতা পরে বন্ধ করে দেবেন বলে গভর্নর এরই মধ্যে আমাকে জানিয়েছেন।’
সিবিএ নেতাদের সঙ্গে দুটি বিষয়ে আলোচনা হয়েছে বলে সাংবাদিকদের জানান নৌমন্ত্রী। বলেন, একটি হচ্ছে মিয়ানমার থেকে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের সহায়তা করা। অন্যটি, ২০১৩-১৪ সালে বিএনপি-জামায়াত যেসব অগ্নিসংযোগ, ভাঙচুর ও হত্যা করেছে, সেগুলোর বিচারের দাবিতে আবারও আন্দোলন গড়ে তোলা।
শাজাহান খান বলেন, ‘পোশাক খাতে যখন জ্বালাও-পোড়াও হয়েছে, প্রধানমন্ত্রী তখন আমাকে দায়িত্ব দেন। এরপর আর কোনো সমস্যা হয়নি। আর পরিবহন খাত আমি দেখভাল করি। এখানেও কোনো সমস্যা নেই।’
সভায় ব্যাংক নিয়ে কী আলোচনা হয়েছে জানতে চাইলে নৌমন্ত্রী বলেন, ‘ব্যাংক নিয়ে কোনো আলোচনা হয়নি। এটা আমার বিষয় না। আমি অর্থনীতির ছাত্র না। ব্যাংক নিয়ে কিছু বলতে পারব না।’
তবে কেন্দ্রীয় ব্যাংকে রাজনীতি নিয়ে আলোচনা করা যায় কি না, এ নিয়েও প্রশ্ন উঠেছে। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবি মির্জ্জা মো. আজিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের মতো নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের যেকোনো রাজনীতির ঊর্ধ্বে থাকা উচিত। সিবিএ তো নিজেদের স্বার্থ নিয়ে থাকবে। অন্যায়–অবিচার হলে সবার নজরে আনবে। রাজনীতিতে জড়ানো তো তাদের কাজ না।’
গত সোমবার কেন্দ্রীয় ব্যাংকের আদেশে অবশ্য বলা হয়েছিল, ‘আগামী ১৫ ও ১৬ নভেম্বর ব্যাংকের সার্বিক পরিস্থিতি নিয়ে সিবিএ কেন্দ্রীয় কার্যালয়ে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের উপস্থিতিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণের জন্য সিবিএ কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতাদের আসা-যাওয়াসহ ১৪ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত চার দিন অফিসের কাজ হতে অব্যাহতি দেওয়া হলো। এ সময় কর্তব্যকাল হিসাবে গণ্য হবে এবং বিধি মোতাবেক তাঁরা যাতায়াত ভাতা ও দৈনিক ভাতা পাবেন। এসব বিষয় উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদন হয়েছে।’