কেন্দ্রীয় ব্যাংকের পাঁচ কর্মকর্তার দায়িত্বে অবহেলা ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিজার্ভের অর্থ চুরির ঘটনা তদন্তে গঠিত সরকারি কমিটি মনে করে, বাংলাদেশ ব্যাংকের পাঁচজন কর্মকর্তা অবহেলা ও গা ছাড়া আচরণ করেছেন। তবে চুরির সঙ্গে তাঁরা সরাসরি যুক্ত নন।
তদন্ত কমিটির প্রধান বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন গতকাল বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন। তবে তিনি ওই পাঁচ কর্মকর্তার নাম জানাননি। ফরাসউদ্দিন বলেন, তাঁরা নিম্ন থেকে মাঝারি পর্যায়ের কর্মকর্তা এবং ওই অপরাধের ‘পরোক্ষ সহযোগী’। বাইরের কেউই ওই অর্থ চুরি করেছে বলে কমিটি সিদ্ধান্তে পৌঁছেছে।
গত মে মাসে এ তদন্ত কমিটি সরকারের কাছে প্রতিবেদন দাখিল করেছে।
এ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে থাকা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে গত ৫ ফেব্রুয়ারি হ্যাকিংয়ের মাধ্যমে মোট ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়।