কেন্দ্রীয় ব্যাংকের স্বতন্ত্র বেতনকাঠামোর অনুমোদন দিল পর্ষদ
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্বতন্ত্র বেতনকাঠামোর প্রস্তাবে নীতিগত সম্মতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদ। এখন এটি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে।তবে ইতিমধ্যেই সরকার অনুমোদিত জাতীয় বেতনকাঠামো অনুসারে বেতনক্রম বাস্তবায়ন করা হবে। আর স্বতন্ত্র বেতনকাঠামোর প্রস্তাবটি অর্থ মন্ত্রণালয় পর্যালোচনার পর চূড়ান্ত অনুমোদন দেওয়া হলে তবেই কেন্দ্রীয় ব্যাংক তা বাস্তবায়ন করবে।বাংলাদেশ ব্যাংকের পর্ষদ সভায় গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের স্বতন্ত্র বেতনকাঠামোর এই প্রস্তাব ওঠে।একটি সূত্র জানায়, প্রস্তাবিত বেতনকাঠামোতে ১০টি ধাপ রয়েছে। এর মধ্যে একজন নির্বাহী পরিচালকের মূল বেতন সর্বোচ্চ ৬৭ হাজার ৭০০ টাকা এবং একজন সহকারী পরিচালকের মূল বেতন ১৮ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, একজন পিয়ন সাকল্যে প্রায় ১৫ হাজার টাকা বেতন পেতে পারেন।বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সভাপতিত্বে পর্ষদ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অর্থসচিব মোহাম্মদ তারেক, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নাসিরউদ্দিন আহম্মেদ, ডেপুটি গভর্নর নজরুল হুদা, নতুন পরিচালক ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক মোস্তফা কে মুজেরী, অধ্যাপক হান্নানা বেগম, অধ্যাপক সনত্ কুমার সাহা প্রমুখ।