কেন্দ্রীয় শহীদ মিনার নিয়ে বিএনপির রাজনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষা আন্দোলনের ৫৯ বছর পর ভাষাশহীদদের স্মরণ করতে ঠাকুরগাঁও বালক উচ্চবিদ্যালয়ের বড়মাঠে নবনির্মিত জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয় ঠাকুরগাঁওবাসী। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেও দেখা যায়নি বিএনপি ও সহযোগী সংগঠনের কোনো সদস্যকে।কেন্দ্রীয় শহীদ মিনারটি তাদের প্রস্তাবিত জায়গায় হয়নি এবং ঈদগা মাঠে শহীদ মিনার নির্মাণের কারণে ঈদগা মাঠের পবিত্রতা নষ্ট হয়েছে—এ অজুহাত এনে জেলা বিএনপি কেন্দ্রীয় শহীদ মিনারে যায়নি। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. পয়গাম আলী জানান, সব দলের অংশগ্রহণে একটি সর্বজনীন কেন্দ্রীয় শহীদ মিনার নির্মিত হোক, এটা চেয়েছিল বিএনপি। সে অনুযায়ী শহীদ মিনারের জায়গার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু জেলা প্রশাসন তাদের প্রস্তাব অবজ্ঞা করে ঈদগা মাঠে শহীদ মিনার নির্মাণ করেছে। আলেম-ওলামারাও এর বিরোধিতা করেছেন। এসব বিবেচনা করে জেলা বিএনপি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেয়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিদের সঙ্গে কয়েক দফা আলোচনার পর গত বছরের ১৭ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনার বাস্তবায়ন কমিটির সভায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড়মাঠের দক্ষিণ-পূর্ব কোণে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। এরপর ২১ ফেব্রুয়ারি পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর নির্মাণকাজ শুরু হলে একদল মৌলবাদী মুঠোফোন ও ব্যক্তিগতভাবে যোগাযোগ করে শহীদ মিনারের নির্মাণের উদ্যোক্তাদের ঈদগা মাঠে শহীদ মিনার নির্মাণের কাজ থেকে বিরত থাকতে বলে। এরই ধারাবাহিকতায় গত ১১ মার্চ স্থানীয় একটি জামে মসজিদের পেশ ইমাম জুমার নামাজের খুতবায় ঈদগা মাঠের পাশে শহীদ মিনার নির্মাণের বিরোধিতা করে বক্তব্য দেন। এর পরই মূলত জেলা বিএনপি কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণে সরাসরি বিরোধিতা না করলেও সহযোগিতা থেকে সরে আসে।এ ঘটনার পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন কেন্দ্রীয় শহীদ মিনার বাস্তবায়ন কমিটির সভা ডেকে শহীদ মিনার নির্মাণে মৌলবাদীদের বিরোধিতার কথা জানায়। পরে তারা সংঘাত এড়িয়ে বিদ্যালয়ের বড়মাঠের পরিবর্তে বিদ্যালয়ের মূল চত্বরে শহীদ মিনার স্থানান্তরের সিদ্ধান্ত নেয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে জেলার মুক্তিযোদ্ধারা সভা ডেকে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের বিরোধিতাকারীদের রুখতে শপথ নিয়ে জেলা প্রশাসনের পাশে থাকার ঘোষণা দেন। এ অবস্থায় জেলা প্রশাসন আগের জায়গায়ই শহীদ মিনার নির্মাণের সিদ্ধান্ত নেয়।১৯ ফেব্রুয়ারি জেলা বিএনপির এক সভায় ঈদগা মাঠে নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারের অনুষ্ঠান বয়কট করে সরকারি কলেজের শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নেয়। পরবর্তী সময়ে সেই শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হবে কি না, এ প্রশ্নের জবাবে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ওবায়দুল্লাহ মাসুদ বলেন, পরবর্তী বছরের সিদ্ধান্ত পরেই নেওয়া হবে।ঠাকুরগাঁওয়ের ভাষাসৈনিক ফজলুল করিম এ প্রসঙ্গে বলেন, ‘শহীদ মিনার নিয়ে বিতর্ক সৃষ্টি করা ঠিক নয়। ঠাকুরগাঁওবাসী ৫৯ বছর পর জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরেছে, এটাই বড় কথা। শহীদ মিনার বয়কট করে শহীদদের অবমাননা করা থেকে বিরত থাকতে হবে।’