কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা বাড়ানোর প্রস্তাব ইউজিসির
কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা বাড়ানো এবং এর পবিত্রতা রক্ষার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান নজরুল ইসলাম। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার জনগুরুত্বপূর্ণ সব স্থাপনার নিরাপত্তা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন তিনি।গতকাল বৃহস্পতিবার মঞ্জুরি কমিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নজরুল ইসলাম। তিনি বলেন, ভাষা আন্দোলন ও বাঙালির আশা আকাঙ্ক্ষার প্রতীক কেন্দ্রীয় শহীদ মিনার। যেকোনো সংকটে জাতি শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধা জানায়। কজেই এর নিরাপত্তা ও পবিত্রতা রক্ষা করা সবার নৈতিক দায়িত্ব। ইতিমধ্যে কমিশনের পক্ষ থেকে এ উদ্বেগের কথা ঢাকা বিশ্ববিদ্যালয়কে জানানো হয়েছে।নজরুল ইসলাম বলেন, একুশে ফেব্রুয়ারিকে ঘিরে প্রতিবছর শহীদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। কিন্তু বছরের বাকি সময়গুলোতে দর্শনীয় ও পবিত্র এ স্থাপনাটি থাকে অবহেলিত। এর সার্বক্ষণিক দেখাশোনার জন্য জনবল প্রয়োজন। সংবাদ সম্মেলনে কমিশনের সদস্য আবদুল হাকিম ও সচিব মোহাম্মদ খালেদ উপস্থিত ছিলেন।