কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে কেন জাদুঘর স্থাপন করা হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্রীয় শহীদ মিনারের পবিত্রতা ও মর্যাদা রক্ষা এবং শহীদ মিনারের পাশে জাদুঘর স্থাপনের কেন নির্দেশ দেওয়া হবে না, জানাতে সরকারের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি মো. মমতাজউদ্দিন ও বিচারপতি নাঈমা হায়দারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) জনস্বার্থে করা এক রিটের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। ১০ দিনের মধ্যে মন্ত্রিপরিষদ ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ঢাকা সিটি করপোরেশনের মেয়র, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও স্থপতিকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। সংগঠনটির সম্পাদক আসাদুজ্জামান সিদ্দিকী বাদী হয়ে রিটটি দায়ের করেন। আদালতে রিট আবেদনকারীর পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী মনজিল মোরসেদ। শুনানিতে রিট আবেদনকারী পক্ষের আইনজীবী বলেন, কেন্দ্রীয় শহীদ মিনার ঐতিহাসিক স্থান। সংবিধানের ২৪ অনুচ্ছেদ অনুযায়ী এর পবিত্রতা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব সরকারের। কিন্তু একুশে ফেব্রুয়ারি ছাড়া অন্য সময় স্থানটি মাদকাসক্তদের আড্ডার জায়গা, অসামাজিক কার্যকলাপ ও শত মানুষের নিদ্রাস্থল হিসেবে ব্যবহূত হয়, যা ঐতিহাসিক স্থানটির জন্য মর্যাদাহানিকর এবং ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি অসম্মানজনক।