কেন্দ্রীয় সরকার এমনই চোখে দেখে না, কানেও শোনে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী বলেছেন, কেন্দ্রীয় সরকার এমনই এক সরকার, যে সরকার চোখে দেখে না, কানেও শোনে না। তাঁর মতে, ‘কেন্দ্রীয় সরকার যত ছোট হবে এবং তৃণমূলের সরকার যত বড় হবে, ততই দেশের মঙ্গল।’গতকাল সোমবার ‘কার্যকর উপজেলা পরিষদ: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় ডেপুটি স্পিকার এ কথা বলেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত এ গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয় রাজধানীর সিরডাপ মিলনায়তনে। এতে সভাপতিত্ব করেন টিআইবির ট্রাস্টি বোর্ডের সদস্য এম হাফিজউদ্দিন খান। সঞ্চালনা করেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। ডেপুটি স্পিকার বলেন, উপজেলা পরিষদ বাস্তবায়নের জন্য জেলা পরিষদকে আগে কার্যকর করতে হবে। গম ভাগাভাগির কাজে সাংসদদের না থাকাই ভালো। তাঁদের উপজেলার উপদেষ্টা না হলেও চলে। তাঁদের এমন কোনো ঐশ্বরিক ক্ষমতা নেই যে উপদেষ্টা হতেই হবে। স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ বলেন, ‘উপজেলা নিয়ে এত আলোচনা-সমালোচনা ও লেখালেখির পরও সরকার কিছুই আমলে নিচ্ছে না। উপজেলা নিয়ে সরকারের কর্মকাণ্ড দেখে মনে হয়, দেশে কোনো সংবিধান নেই, আইনও নেই। দেশ এখন পরিপত্রের প্রজাতন্ত্রের ওপর নির্ভর করে চলছে।’ সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ‘বইয়ে পড়েছি, এক ঘরে দুই পীর থাকতে নেই। কিন্তু আমাদের উপজেলাব্যবস্থায় এক ঘরে তিন পীর। এখানে নির্বাচিত জনপ্রতিনিধির কাজ নেই। সাংসদেরা আইনটাকে নিজেদের মতো প্রণয়ন করেছেন। আইন ও সাংসদের সমর্থন নিয়ে ইউএনওরা জনপ্রতিনিধিদের ওপর খবরদারি করে যাচ্ছেন।’ আলোচনায় টিআইবির পক্ষে কার্যপত্র উপস্থাপন করেন হাবিবুর রহমান ও নাহিদ শারমীন। উপজেলায় সাংসদদের উপদেষ্টা করার বিধান বাতিল করাসহ ১২ দফা সুপারিশ করা হয়।গোলটেবিলে অন্যান্যের মধ্যে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আবদুর রব, পটুয়াখালীর দুমকী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ হাওলাদার, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার চেয়ারম্যান আনোয়ারুল হক, ঝালকাঠির সদর উপজেলার চেয়ারম্যান রাজ্জাক আলী প্রমুখ বক্তব্য দেন।