কেন্দ্রীয় সিদ্ধান্তে নিয়োগ পাচ্ছেন ১২,৬১৯ শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্রীয়ভাবে প্রথমবারের মতো বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে শিক্ষক হিসেবে নিয়োগের জন্য মনোনীত হয়েছেন ১২ হাজার ৬১৯ জন। আবেদনকারী ছিলেন ২ লাখ ৪৯ হাজার ৫০২ জন।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে অনুষ্ঠিত গত ১২টি নিবন্ধন পরীক্ষার ফলের ভিত্তিতে মনোনীত প্রার্থীদের তালিকাটি করেছে এনটিআরসিএ। গতকাল রোববার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে অনলাইনে মনোনীত প্রার্থীদের তালিকাটি প্রকাশ করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এত দিন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক নিয়োগের একচ্ছত্র ক্ষমতা ছিল শিক্ষাপ্রতিষ্ঠাগুলোর পরিচালনা কমিটির। কিন্তু এ নিয়ে সারা দেশে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ছিল। এর পরিপ্রেক্ষিতে সরকার কেন্দ্রীয়ভাবে পরীক্ষার ফলের ভিত্তিতে মনোনীত প্রার্থীদের তালিকা তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এতে শিক্ষক নিয়োগে পরিচালনা কমিটির ক্ষমতা খর্ব হলো।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, এক মাসের মধ্যে মনোনীত প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। এই তালিকা থেকে নিয়োগপত্র দেবে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ। তিনি বলেন, এখন আর কোনো টাকা নেওয়া বা দেওয়ার সুযোগ নেই। তদবির ও স্বজনপ্রীতিরও সুযোগ নেই। মনোনীত প্রার্থীরা শুধু নিয়োগপত্র নিয়ে যোগ দেবেন। এনটিআরসিএর কর্মকর্তারা বলেন, এবার ৬ হাজার ৪৭০টি শিক্ষাপ্রতিষ্ঠান ১৪ হাজার ৬৬৯টি পদের চাহিদা দিয়েছিল। এর মধ্যে ৭১৮টি পদে কোনো আবেদন পাওয়া যায়নি। এর বেশির ভাগই শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষকের পদ। মামলার কারণে ১ হাজার ৯৫টি ও বিভিন্ন কারণে ৬৮৫টি পদ স্থগিত রাখা হয়েছে। আবেদনকারীর সংখ্যা ২ লাখ ৪৯ হাজার ৫০২ হলেও একই প্রার্থী কয়েকটি প্রতিষ্ঠানে আবেদন করায় মোট আবেদনের সংখ্যা দাঁড়ায় ১৩ লাখ ৭৫ হাজার ১৮৭। এর মধ্যে ২ হাজার ৩৯৩ জন একাধিক প্রতিষ্ঠানের জন্য মনোনীত হওয়ায় এখন তাঁরা কোন প্রতিষ্ঠানে যোগ দিতে চান তা জানতে চাওয়া হবে। এর ভিত্তিতে শূন্য হওয়া পদে দ্বিতীয় অবস্থানে থাকা প্রার্থীকে মনোনীত করা হবে।
মুঠোফোন কোম্পানি টেলিটকের কারিগরি সহায়তায় এই ফল তৈরি করা হয়। এনটিআরসিএর কর্মকর্তারা বলেন, প্রতিষ্ঠানের প্রধান ও পরিচালনা পর্ষদের সভাপতিকে খুদে বার্তায় ফল জানিয়ে দেওয়া হয়েছে। ফল এনটিআরসিএর ওয়েবসাইটে পাওয়া যাবে।