কেন্দ্রে আধিপত্য দুই সাংবাদিক লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনে জাল ভোট, কেন্দ্রে আধিপত্য বিস্তার ও সাংবাদিক লাঞ্ছিতসহ বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।
গতকাল বুধবার দুপুর সোয়া ১২টার দিকে ১০ নম্বর গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একদল যুবক হামলা চালিয়ে ব্যালট বাক্স ভাঙচুর করে ৬০০ ব্যালট পেপার ছিনিয়ে নেন। এ ঘটনায় ওই কেন্দ্রে প্রায় এক ঘণ্টা ভোট বন্ধ থাকে। পরে আবার শুরু হলে যুবকেরা আবার কেন্দ্রে হামলা চালান। তখন এ কেন্দ্রে ভোট স্থগিত করে দেওয়া হয়।
দুপুর সাড়ে ১২টার দিকে সরকারি মহিলা কলেজ কেন্দ্রে আওয়ামী লীগ-মনোনীত মেয়র প্রার্থী তহমিনা আখতার মোল্লা নেতাকর্মীদের নিয়ে ভোটকেন্দ্র পরিদর্শনে যান। সে সময় বিএনপির নেতা-কর্মীরা বাধা দেন। পরে পুলিশ রেজাউল ও আরিফুল নামে দুই বিএনপি কর্মীকে আটক করে। এ ঘটনায় সরকারি মহিলা কলেজের পুরুষ কেন্দ্রের ভোট স্থগিত করা হয়।
ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট ভোটকেন্দ্র দখলে নিয়ে জাল ভোট দেন কাউন্সিলর প্রার্থী মারুফ আলী। সে সময় তাঁর লোকজন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মাছরাঙা টেলিভিশনের প্রতিনিধি বদরুল ইসলাম এবং যমুনা টেলিভিশনের প্রতিনিধি পার্থ সারথি দাসকে লাঞ্ছিত করা হয়।