
প্রশ্নপত্র বিতরণে গরমিলের অজুহাতে গতকাল শুক্রবার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) একটি নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষা শুরুর মাত্র এক ঘণ্টা আগে এ ঘটনা ঘটায় মাথায় হাত পড়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে আসা প্রায় ১৫ হাজার চাকরিপ্রার্থীর।
এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা প্রায় সোয়া এক ঘণ্টা ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখেন।
গতকাল বেলা সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরীক্ষা গ্রহণের দায়িত্ব ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা (ম্যানেজমেন্ট স্টাডিজ) বিভাগের। তারা নিয়োগ পরীক্ষা সম্পন্ন করতে রাকাবের সঙ্গে চুক্তিবদ্ধ। ওই বিভাগের সভাপতি জিন্নাত আরা বেগম এ ঘটনায় দুঃখ প্রকাশ করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাকাবের কর্মকর্তা (দ্বিতীয় শ্রেণি) পদের জন্য প্রায় ৩০ হাজার ৯০৬ জন চাকরিপ্রার্থী আবেদন করেন। আবেদনকারীদের জোড় ও বিজোড় রোল নম্বরে বিভক্ত করে দুই শিফটে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। গতকাল সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিজোড় রোল নম্বরধারী ১৫ হাজার ৪৪৮ জন প্রার্থী পরীক্ষায় অংশ নেন। দ্বিতীয় শিফটে বেলা সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত জোড় রোল নম্বরধারী ১৫ হাজার ৪৫৮ জন চাকরিপ্রার্থীর অংশগ্রহণ করার কথা ছিল। কিন্তু বেলা আড়াইটার দিকে পরীক্ষা গ্রহণের জন্য নির্ধারিত ভবনগুলোতে পরীক্ষা স্থগিতের নোটিশ টানিয়ে দেওয়া হয়।
হঠাৎ পরীক্ষা স্থগিতের কারণ জানতে চাইলে সভাপতি জিন্নাত আরা বেগম বলেন, ‘সকালে অনুষ্ঠিত পরীক্ষার সময় বিকেলের একটি প্রশ্ন বিতরণ করা হয়েছে—আমাদের কাছে এমন অভিযোগ আসে। তাই বিষয়টি বিবেচনায় নিয়ে তাৎক্ষণিকভাবে রাকাব কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আমরা পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত গ্রহণ করি।’ পরীক্ষায় অংশ নেওয়া সাত-আটজন পরীক্ষার্থী বলেন, পরীক্ষার কয়েকটি কক্ষে একই সেটের প্রশ্নপত্রে দুই ধরনের প্রশ্ন দেখতে পান পরীক্ষার্থীরা। পরে খোঁজ নিয়ে জানা যায়, বিকেলে পরীক্ষার প্রশ্নপত্র সকালের পরীক্ষায় বিতরণ করা হয়।
সভাপতি জিন্নাত আরা বলেন, ‘আমি জানি অনেকের কষ্ট হয়েছে এটার জন্য। আমি নিজে হলেও কষ্ট পেতাম। সেই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। এখন আমরা তদন্ত করে বের করব কীভাবে এটা হলো। রাকাব কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সময়ে পরীক্ষা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। পরীক্ষার তারিখ নির্ধারণ করে পরীক্ষার্থীদের পরে জানিয়ে দেওয়া হবে।’ তবে প্রশ্ন ফাঁসের মতো কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি।
রাকাবের জনসংযোগ কর্মকর্তা আবদুল্লাহ সালাহউদ্দিন গাজী বলেন, পরীক্ষা গ্রহণের সম্পূর্ণ দায়িত্ব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের। তারা কেন পরীক্ষা স্থগিত করেছে এ বিষয়ে তারাই বলতে পারবে।
সড়ক অবরোধ: হঠাৎ পরীক্ষা স্থগিত হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন প্রায় ১৫ হাজার চাকরিপ্রার্থী। টাঙ্গাইল থেকে পরীক্ষা দিতে আসা ফরহাদ হোসেন বলেন, ‘পরীক্ষা দেওয়ার জন্য ভোরে রওনা হয়ে ১১টায় রাজশাহী আসি। ক্যাম্পাসে ঢুকে ফটোকপির দোকানে দেখি প্রশ্ন ফটোকপি করা হচ্ছে। অনেকেই সেই প্রশ্ন পড়ছেন। পরীক্ষার হলে ঢুকতে গিয়ে দেখি, পরীক্ষা স্থগিতের নোটিশ দেওয়া হয়েছে। কষ্ট করে এসে পরীক্ষা হলো না। আবার কবে হবে কে জানে?’ চট্টগ্রাম থেকে আসা পরীক্ষার্থী শেখ জামাল উদ্দিন বলেন, যাওয়া-আসা করতেই দুই হাজার টাকা খরচ হয়ে গেল। অথচ পরীক্ষা হলো না। আমরা বেকার মানুষ, কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে আমরা আর কত কষ্ট করব?’
এদিকে বিক্ষুব্ধ পরীক্ষার্থীদের একাংশ বেলা সাড়ে তিনটা থেকে পৌনে পাঁচটা পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে রাজশাহী নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুামায়ূন কবির কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস দেওয়ায় অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়।
এরপর চাকরিপ্রার্থীরা ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সভাপতি জিন্নাত আরা বেগমের সঙ্গে সাক্ষাৎ করে সকালের পরীক্ষা বাতিল, পরীক্ষার্থীদের যাতায়াত ভাড়া প্রদান এবং দ্রুত পরীক্ষা গ্রহণের তারিখ ঘোষণার দাবি জানান। জবাবে সব দাবি আমলে নিয়ে রাকাব কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন অধ্যাপক জিন্নাত আরা।