কেন্দ্রে কেন্দ্রে সিসিটিভি চান আফরোজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মির্জা আব্বাসের স্ত্রী আফারোজা আব্বাস। ফাইল ছবি
মির্জা আব্বাসের স্ত্রী আফারোজা আব্বাস। ফাইল ছবি

সুষ্ঠু নির্বাচন করতে সেনাবাহিনী মোতায়েন ও কেন্দ্রে কেন্দ্রে সিসিটিভি বসানোর দাবি জানিয়েছেন ঢাকা দক্ষিণে বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফারোজা আব্বাস। আজ শনিবার রাজধানীর গোপীবাগে গণসংযোগের সময় তিনি এ দাবি করেন।

আফরোজা আব্বাস বলেন, ‘নির্বাচন সুষ্ঠু করতে আমরা সেনাবাহিনী মোতায়েনের দাবি করছি এবং কেন্দ্রে কেন্দ্রে সিসিটিভি চাচ্ছি। যেন জনগণ দেখতে পারে, ভেতরে কী হচ্ছে, সংবাদমাধ্যম দেখতে পারে, বিশ্ব দেখতে পারে।’ তিনি বলেন, ‘সরকার সুষ্ঠু নির্বাচনের কথা বললেও এখনো সেই পরিবেশে সৃষ্টি হয়নি। নির্বাচনী প্রচারে আমাদের কর্মীদের ওপর হামলা চলছে।’ তিনি অভিযোগ করেন, গতকাল শুক্রবার দুপুরেও ‘সরকারের লোকজন’ তাঁর কর্মীদের বাসা ঘেরাও করে রাখেন। তিনি বলেন, ‘আমাদের অনেক নেতা-কর্মীকে সরকার তুলে নিয়ে যাচ্ছে, গ্রেপ্তার করছে। আমরা এসব ঘটনা জানিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করেছি। কমিশন এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। আমরা আশা করি, আগামী দিনগুলোতে কমিশন সরকারের আজ্ঞাবহ না হয়ে নিরপেক্ষভাবে কাজ করবে। জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেবে।’

অন্য প্রশ্নের জবাবে আফরোজা আব্বাস বলেন, আগামী মঙ্গলবার নাগাদ হাইকোর্টের তৃতীয় বেঞ্চে আব্বাসের জামিনের বিষয়টি সুরাহা হতে পারে। তাঁদের আশা, ওই দিন সরকার তাঁর জামিনের ব্যবস্থা করবে। এরপর আব্বাস প্রচারণায় আসবেন বলে তিনি জানান।
আজ সকালে গোপীবাগের ব্রাদার্স ইউনিয়ন ক্লাব থেকে প্রচার শুরু করেন আফরোজা। এরপর রাজধানীর টিকাটুলী, স্বামীবাগ, ওয়ারী, দয়াগঞ্জ, সূত্রাপুর, গেন্ডারিয়া, নারিন্দায় দিনভর প্রচার চালান।