জেএসসি পরীক্ষাকেন্দ্রে ছেলেকে সহযোগিতা করার দায়ে ফেনীর ফুলগাজীতে আবদুল কুদ্দুস (৪৫) নামের এক শিক্ষকের দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল জেএসসি পরীক্ষা চলাকালে ফুলগাজী পাইলট হাই স্কুল কেন্দ্রে নিজের ছেলেকে সহযোগিতা করতে কেন্দ্রে প্রবেশ করেন উপজেলার করৈয়া কালিকাপুর হাই স্কুলের সহকারী শিক্ষক আবদুল কুদ্দুস। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওই শিক্ষককে ধরে ফেলেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেন।
ইউএনও মো. মাহেদুর রহমান প্রথম আলোকে বলেন, নিজের ছেলে ওই কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে, এমন তথ্য গোপন করে ওই শিক্ষক ওই কেন্দ্রে পরিদর্শক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তা ছাড়া গতকাল ওই শিক্ষকের দায়িত্ব না থাকলেও তিনি ছেলেকে সহযোগিতা করতে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করেন।
ফুলগাজী থানার ওসি হারুন অর রশিদ জানান, ওই শিক্ষককে জেলহাজতে পাঠানো হয়েছে।