কেন্দ্রে ঢুকে প্রশ্নের ছবি তোলায় ছাত্রলীগ নেতা বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষাকেন্দ্রে ঢুকে ম্যাজিস্ট্রেট ও শিক্ষককে লাঞ্ছিত করে প্রশ্নপত্রের ছবি তোলার অপরাধে চট্টগ্রাম নগর ছাত্রলীগের সহসভাপতি মো. নোমান চৌধুরীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। গত শনিবার রাতে কেন্দ্রীয় কমিটি তাঁকে বহিষ্কার করে।
এ বিষয়ে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, ‘গঠনতন্ত্রবিরোধী কাজের জন্য সংগঠন থেকে নোমানকে বহিষ্কার করা হয়েছে। আমরা চিঠি পাঠিয়ে দিয়েছি। চট্টগ্রাম নগর কমিটিকেও বিষয়টি অবহিত করা হয়েছে।’
নগর ছাত্রলীগের নুরুল আজিম বলেন, নোমানকে বহিষ্কারের বিষয়টি কেন্দ্র থেকে তাঁদের ফোন করে জানানো হয়েছে। এই সংক্রান্ত চিঠিও কুরিয়ারে পাঠানো হয়েছে বলে কেন্দ্র তাঁদের জানিয়েছে। তিনি আরও বলেন, নোমানকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা জানতে চেয়ে শনিবার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিন দিনের মধ্যে নোটিশের জবাব দেওয়ার কথা। জবাব কী হয় তা দেখে চট্টগ্রাম কমিটিও ব্যবস্থা নিতে পারবে।