কেন্দ্রে ভাঙচুর, শিক্ষক লাঞ্ছিত
হবিগঞ্জে গতকাল বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষা চলাকালে নকলের দায়ে তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এতে উত্তেজিত একদল শিক্ষার্থী হবিগঞ্জ মহিলা সরকারি কলেজে ভাঙচুর ও শিক্ষকদের লাঞ্ছিত করেছে।
এদিকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় এইচএসসি পরীক্ষায় নকল করতে বাধা দেওয়ায় দুই শিক্ষককে (পরিদর্শক) মারধর করেছে পরীক্ষার্থীরা। গতকাল বেলা দেড়টার দিকে উপজেলার ছয়ফুল্লাকান্দি বাজারের সিএনজিচালিত অটোরিকশা স্টেশনে এ ঘটনা ঘটে।
হবিগঞ্জ মহিলা সরকারি কলেজ সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার এ কেন্দ্রে এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা শুরুর আগেই দায়িত্বরত কর্মকর্তারা পরীক্ষার্থীদের মুঠোফোন জব্দ করেন। এতে কয়েকজন পরীক্ষার্থী ক্ষুব্ধ হয়ে ওঠে। এদিকে পরীক্ষা চলাকালে নকলের দায়ে ইশরাত জাহান, আবদুল কাদির ও কৃষ্ণধন চৌধুরী নামের তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
পরীক্ষা শেষ হওয়ার পরপরই বহিষ্কৃতদের পক্ষ নেয় কিছু বহিরাগত শিক্ষার্থী। পাশাপাশি মুঠোফোন জব্দ করায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদের সঙ্গে যোগ দিয়ে কলেজ ভবনে ব্যাপক ভাঙচুর চালায়। ক্যাম্পাসে থাকা কয়েকটি প্রাইভেট কার ও কেন্দ্রের পাশে হবিগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়েও তারা ভাঙচুর করে। এ সময় তাদের হাতে কেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষক মো. আবু তাহের ও এ কে এম হাবিবুর রহমান লাঞ্ছিত হন।
এ ঘটনার প্রতিবাদে হবিগঞ্জ কলেজ শিক্ষক পরিষদ জরুরি সভা করে। সভায় সভাপতিত্ব করেন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ জাহান আরা খাতুন। সভায় কলেজে হামলা ও ভাঙচুরে জড়িতদের ১৬ এপ্রিলের মধ্যে গ্রেপ্তারের দাবি জানানো হয়। অন্যথায় তাঁরা ১৭ এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা গ্রহণ থেকে বিরত থাকার ঘোষণা দেন।
এদিকে ভাঙচুরের প্রতিবাদে ওই দুটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আগামী শনিবার মানববন্ধন করার ঘোষণা দিয়েছে।
বাঞ্ছারামপুরে মারধরের শিকার দুই শিক্ষক হলেন দড়িকান্দি তাজুল ইসলাম কলেজের প্রভাষক আবদুল লতিফ ও জাহাঙ্গীর আলম। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শাহ রাহাত আলী কলেজের মানবিক বিভাগের পরীক্ষার্থী জাকির হোসেনকে আটক করেছে।
বাঞ্ছারামপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাসার বলেন, আটক জাকির হোসেনকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রভাষক আবদুল লতিফ বলেন, ‘শাহ রাহাত আলী কলেজ কেন্দ্রে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা শেষ হওয়ার পরপরই কয়েকজন পরীক্ষার্থী নকল করতে না পারায় কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনে আমাকে দা দিয়ে কোপাবে বলে হুমকি দেয়। কিন্তু কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (শাহ রাহাত আলী কলেজের অধ্যক্ষ) সাজাদুর রহমান তাদের কিছুই বলেননি। এর ২০-২৫ মিনিট পরে দড়িকান্দি যাওয়ার জন্য কেন্দ্রের কাছে ছয়ফুল্লাকান্দি বাজারে গিয়ে অটোরিকশায় ওঠামাত্র ৮-১০ জন পরীক্ষার্থী আমাদের এলোপাতাড়ি কিল-ঘুষি-লাথি মারতে থাকে। এতে আমি ও আরেকজন শিক্ষক আহত হই।’
সাজাদুর রহমান বলেন, ‘আমার সামনে আমার কলেজের কোনো ছাত্র কোনো শিক্ষককে হুমকি দেয়নি। হামলার বিষয়টি আমি পরে শুনেছি।’ তিনি দাবি করেন, ওই কেন্দ্রে নকলের কোনো ঘটনা ঘটেনি।
ইউএনও জাহিদ হোসেন ছিদ্দিক বলেন, তিনি ঘটনা শুনেছেন। ব্রাহ্মণবাড়িয়ায় সভা শেষে বাঞ্ছারামপুরে ফিরে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। আর শিক্ষকেরা নিরাপত্তাহীনতায় থাকলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে।