কেন্দ্রে ভোটার ৭০৯, ভোট দিয়েছেন মাত্র ২৯ জন
নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কাদিরাবাদ স্যাপার কলেজ কেন্দ্রে ৭০৯টি ভোটের মধ্যে মাত্র ২৯টি ভোট পড়েছে। অর্থাৎ এই কেন্দ্রে ভোট পড়েছে মাত্র ৪ শতাংশ। তবে একই ইউনিয়নের অন্যান্য কেন্দ্রে ভোট পড়েছে ৭০ শতাংশের বেশি।
কাদিরাবাদ স্যাপার কলেজ কেন্দ্র সূত্রে জানা যায়, কাদিরাবাদ স্যাপার কলেজ কেন্দ্রে মোট ভোটার ৭০৯ জন। এর মধ্যে মাত্র ২৯ জন ভোটার ভোট দিয়েছেন। অন্য ভোটাররা ভোট দিতে কেন্দ্রে উপস্থিত হননি। এই কেন্দ্রে শুধু কাদিরাবাদ ক্যান্টনমেন্টের সেনাবাহিনীর ভোটাররা তাঁদের ভোট দিয়ে থাকেন। ২৯টি ভোটের মধ্যে স্বতন্ত্র প্রার্থী আজিজুল হক আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১৭টি ভোট, আওয়ামী লীগের মাহাবুর ইসলাম নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৯টি ভোট এবং ঘোড়া প্রতীক নিয়ে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী আরশেদ আলী ৩টি ভোট পেয়েছেন।
এ বিষয়ে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, কেন্দ্রটির সিংহভাগ ভোটার সেনানিবাসে চাকরি করেন। হয়তো তাঁদের অনেকে বদলিজনিত কারণে এলাকায় নেই। এ কারণে ভোটার উপস্থিতি কম।