কেন্দ্রে যেতে বাধা বিক্ষিপ্ত সংঘর্ষ ব্যালট ছিনতাই
ভোটার ও পোলিং এজেন্টদের ভোটকেন্দ্রে যেতে বাধা, বিক্ষিপ্ত সংঘর্ষ ও ব্যালট পেপার ছিনতাইয়ের মধ্য দিয়ে নাটোর সদর উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদে (ইউপি) গতকাল শনিবার ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা চিত্র সময়ের ক্রমানুসারে বর্ণনা দেওয়া হলো:
সকাল ৭টা ২৫ মিনিট: তেবাড়িয়া ইউনিয়নের কৈগাড়ি কিষ্টপুর সড়কে বিএনপির প্রার্থী গোলাম সারোয়ারের ওপর হামলার চেষ্টা হয়। গাড়ি নিয়ে পালিয়ে রক্ষা পান তিনি।
সকাল ৮টা ৩৩ মিনিট: তেবাড়িয়া ইউনিয়নের চন্দ্রকোলা উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রতিটি বুথে ধানের শীষের প্রার্থীর এজেন্টদের অনুপস্থিতি।
সকাল ৮টা ৫২ মিনিট: তেবাড়িয়া ইউনিয়নের বাঙ্গাবাড়ি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সব কটি বুথে ধানের শীষের প্রার্থীর এজেন্টদের উপস্থিতি। প্রচুর নারী ভোটারের উপস্থিতি।
দুপুর ১২টা: তেবাড়িয়ার সিংগারদহ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ও টিউবওয়েলের সমর্থকেরা একটি বুথের ব্যালট পেপার ছিনতাই করে তাতে নৌকা ও টিউবওয়েল প্রতীকে সিল মেরে বাক্সে ভর্তি করেন। কিছু সময় ভোট গ্রহণ স্থগিত রাখা হয়। পরে ছিনতাই হওয়া ব্যালট বাতিল করলে ভোট গ্রহণ শুরু হয়।