কেন্দ্রে শুধু ছিল আ.লীগ প্রার্থীর নির্বাচনী এজেন্ট

ব্যাপক অনিয়মের অভিযোগের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার পাবনার বেড়া উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া বড় ধরনের কোনো সহিংসতা হয়নি। তবে অনিয়মের অভিযোগে ভোট গ্রহণ চলাকালে পাঁচটি ইউপির বিএনপির প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
রূপপুর, মাসুমদিয়া, জাতসাখিনী, চাকলাসহ আরও কয়েকটি ইউনিয়ন ঘুরে অনেক ভোটকেন্দ্রেই আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচনী এজেন্ট ছাড়া অন্য কোনো চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট খুঁজে পাওয়া যায়নি। তবে ভোটকেন্দ্রগুলোর ভেতরে ও বাইরের পরিবেশ ছিল শান্ত। এ ছাড়া ঢালারচর ইউনিয়নের কয়েকটি ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতি ছিল কম। কিন্তু ভোট গ্রহণের পরিমাণ ছিল স্বাভাবিকের চেয়ে বেশি।
রূপপুর, মাসুমদিয়া, জাতসাখিনী ও চাকলা ইউনিয়নের বিএনপির প্রার্থীদের অভিযোগ, প্রতিটি কেন্দ্রেই তাঁরা নির্বাচনী এজেন্ট পাঠিয়েছিলেন। কিন্তু ভোট শুরু হতেই আওয়ামী লীগ প্রার্থীদের কর্মী-সমর্থকেরা জোর করে তাঁদের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়েছেন। পরে নিজেরা জাল ভোট দেওয়ার মহোৎসব চালান।
দুপুর ১২টার দিকে মাসুমদিয়া ইউপির বিএনপি মনোনীত প্রার্থী সামমুর রহমান তাঁর বাড়িতে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এ সময় তাঁর সঙ্গে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রইজউদ্দিনসহ শামসুর রহমানের চার-পাঁচজন পোলিং এজেন্ট উপস্থিত ছিলেন। তাঁরা অভিযোগ করেন, কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাজীরহাট উচ্চবিদ্যালয় কেন্দ্রসহ ইউপির নয়টি কেন্দ্রের সবগুলো থেকেই তাঁদের এজেন্টদের মারধর ও ভয়ভীতি দেখিয়ে বের করে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ প্রার্থী মিরোজ হোসেনের কর্মীরা ভোটকেন্দ্রগুলোতে ঢুকে ব্যাপক জাল ভোট দেন। তিনি আরও অভিযোগ করেন, তাঁর এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার সময় বাধা দিলে মারধর করা হয়। এতে তাঁর ৮ থেকে ১০ জন কর্মী আহত হন। তাঁদের পাবনা সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে এ ব্যাপারে মিরোজ হোসেন সব অভিযোগ অস্বীকার করে বলেন, শামসুর রহমান নিশ্চিত পরাজয় জেনে নির্বাচন বর্জনের নাটক করছেন।
প্রায় একই রকম অনিয়মের অভিযোগে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন রূপপুর, জাতসাখিনী, ঢালারচর ও পুরান ভারেঙ্গা ইউপির বিএনপি মনোনীত প্রার্থীরা।
এদিকে বেলা দেড়টার দিকে কৈটোলা ইউপির কৈটোলা ইউনিয়ন পরিষদ ভোটকেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার কারণে প্রায় আধা ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ থাকে।