কেন্দ্রের অনুমোদন পেতে পাল্টাপাল্টি তালিকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগর বিএনপির দুই পক্ষ অনুমোদনের জন্য কেন্দ্রে পাল্টাপাল্টি কমিটির তালিকা জমা দিয়েছে। নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন একটি তালিকা জমা দেন। আরেকটি তালিকা জমা দেন দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছিরউদ্দিনের অনুসারীরা। তবে দলের মহাসচিব অসুস্থ থাকায় গতকাল শুক্রবার পর্যন্ত কোনো কমিটি অনুমোদন পায়নি।দলীয় সূত্র জানায়, গঠনতন্ত্র অনুযায়ী নগর বিএনপির কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সদস্যসংখ্যা ১৭১। উভয় তালিকায় খসরুকে সভাপতি ও শাহাদাৎকে সাধারণ সম্পাদক রাখা হয়েছে। তবে অন্য পদগুলোতে পছন্দের ব্যক্তিদের নিয়ে পাল্টাপাল্টি তালিকা তৈরি করে গত বুধবার রাতে কেন্দ্রে জমা দেওয়া হয়। জানা গেছে, দুই পক্ষের মধ্যে সংঘর্ষের কারণে ২০০৯ সালের ১৬ নভেম্বর নগর বিএনপির সম্মেলন পণ্ড হয়। এরপর গত বছরের ফেব্রুয়ারিতে আমীর খসরুকে সভাপতি ও শাহাদাৎ হোসেনকে সাধারণ সম্পাদক করে কেন্দ্র থেকে পাঁচ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্য তিনজন হলেন সহসভাপতি শামসুল আলম, দস্তগীর চৌধুরী ও আবু সুফিয়ান। দলীয় সূত্র জানায়, পূর্ণাঙ্গ তালিকা তৈরি করতে আমীর খসরু ও শাহাদাৎ হোসেন দুদিন ধরে ঢাকায় বৈঠক করেন। পরে গত বুধবার রাতে বিএনপির কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে তাঁরা ১৭১ সদস্যের তালিকা জমা দেন। এই তালিকায় আবদুল্লাহ আল নোমান ও মীর নাছিরের অনুসারী হিসেবে পরিচিত অনেকের নাম নেই বলে অভিযোগ উঠেছে। সভাপতি ও সাধারণ সম্পাদকের বৈঠকের খবর পেয়ে নোমানের অনুসারীরাও ঢাকায় গিয়ে পাল্টা তালিকা করে নোমান ও মীর নাছিরের সুপারিশ নিয়ে কেন্দ্রে জমা দেন।নোমানের অনুসারী হিসেবে পরিচিত নগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এম এ সবুর প্রথম আলোকে বলেন, ‘আমীর খসরুর তালিকায় বিএনপির ত্যাগী নেতারা জায়গা পাননি। ছাত্রদল ও যুবদলের অনেককে তিনি কমিটিতে রেখেছেন। তাই আমরাও ত্যাগী নেতাদের নিয়ে একটি কমিটি করে কেন্দ্রীয় দপ্তর সম্পাদকের কার্যালয়ে জমা দিয়েছি। বিএনপির দুই কেন্দ্রীয় নেতা নোমান ও মীর নাছির আমাদের তালিকায় সুপারিশ করেছেন।’আবদুল্লাহ আল নোমান বলেন, ‘নগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটির তালিকা কেন্দ্রে জমা দেওয়া হয়েছে বলে শুনেছি। তালিকায় অনেক ত্যাগী নেতাকে নাকি বাদ দেওয়া হয়েছে। তাঁদের কয়েকজন আমার কাছে সুপারিশ নিতে এসেছিলেন। আসলে সংগঠনকে ঐক্যবদ্ধভাবে চালাতে হলে ত্যাগী নেতা-কর্মীদের কমিটিতে রাখতে হবে।’ আমীর খসরুর সঙ্গে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। গতকাল বিকেলে তাঁর মুঠোফোন বন্ধ ছিল। তবে সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন বলেন, ‘কেন্দ্রের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে আমরা বুধবার রাতেই তালিকা জমা দিয়েছি। নোমান বা মীর নাছিরের অনুসারীরা বাদ পড়েছেন বলে যে অভিযোগ উঠেছে, তা সত্য নয়।’