কেন্দ্রের আপসরফায় নারাজ কামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই প্রতিদ্বন্দ্বী মজিবর রহমান সরোয়ার ও আহসান হাবিব কামালকে মহানগর কমিটির যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে রেখে বরিশাল মহানগর বিএনপির কমিটি চূড়ান্ত করা হয়েছে। যদিও কামাল এতে তীব্র আপত্তি করেছেন। অন্যদিকে জেলা কমিটিতে সভাপতি হিসেবে সরফুদ্দিন আহম্মেদ সান্টু ও সাধারণ সম্পাদক হিসেবে সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রাজনের নাম চূড়ান্ত।বিএনপির কেন্দ্রীয় কমিটির একটি সূত্র জানায়, ১৬ আগস্ট মঙ্গলবার বেগম খালেদা জিয়া মজিবর রহমান সারোয়ার ও আহসান হাবিব কামালকে নিয়ে বৈঠক করে খসড়া প্রস্তাবনার কথা উল্লেখ করেন। বৈঠকে সরোয়ার ও কামাল দুজনই মহানগর সভাপতি পদের জন্য অনড় ছিলেন। এ পরিস্থিতিতে দলীয় চেয়ারপারসনের নির্দেশে সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই নেতাকে নিয়ে কয়েক দফা বৈঠক করেন। ওই বৈঠকে মজিবর রহমান সরোয়ারকে মহানগর বিএনপির সভাপতি ও আহসান হাবিব কামালকে সাধারণ সম্পদক করার প্রস্তাব করা হয়। ওই প্রস্তাব সরাসরি নাকচ করে দেন কামাল। এতে শেষ পর্যন্ত কমিটি চূড়ান্ত করা সম্ভব হয়নি। তবে ঘোষণা না করলেও ওই কমিটিই চূড়ান্ত আছে বলে জানান দলের কেন্দ্রীয় ও জেলার একাধিক সূত্র।জেলা ও মহানগর বিএনপির একাধিক নেতা বলেন, শুধু মজিবর রহমান সরোয়ারের কারণে কমিটি নিয়ে এত সমস্যা। তিনি জেলার রাজনীতিতে ছিলেন, সেখানেই থাকা উচিত। তাঁরা আশঙ্কা করেন, দুই নেতার অনড় অবস্থানের কারণে ভবিষ্যতে বরিশাল জেলা ও মহানগর বিএনপিতে সংঘাত দেখা দিতে পারে।দলের একটি সূত্র জানায়, মজিবর রহমান সরোয়ার দীর্ঘদিন জেলার সভাপতি হিসেবে রাজনীতি করার পর মহানগরের সভাপতির পদ চাইলে দুই নেতার মধ্যে দ্বন্দ্ব চরম আকার ধারণ করে। বরিশালে দুই পক্ষের সমর্থকদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ, হামলার ঘটনাও ঘটে। সর্বশেষ ঢাকায় পন্টনের কেন্দ্রীয় কার্যালয়েও দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রাজন বলেন, জেলা ও মহানগরকে নিয়ন্ত্রণ করার জন্যই মজিবর রহমান সরোয়ার নতুন ফর্মুলা বের করেছেন। তিনি জেলায় এমন নতুন মুখ আনার চেষ্টা করছেন যাঁরা সব সময় তাঁর তল্পিবাহক হিসেবে কাজ করবেন। তিনি আরও বলেন, মহানগর কমিটি চূড়ান্ত না হলে জেলা কমিটিও চূড়ান্ত করা যাচ্ছে না। এ ব্যাপারে জেলা বিএনপির সাবেক সভাপতি সাংসদ মজিবর রহমান সরোয়ার বলেন, বরিশাল সিটি করপোরেশন হওয়ায় দক্ষিণ জেলা বিএনপির কাজ কমে গেছে। অন্যদিকে আন্দোলন-সংগ্রামের কথা বললে মহানগরেই কাজ করা উচিত। সেই কারণে তিনি নিজেই মহনগর কিমিটির সভাপতি হতে আগ্রহ প্রকাশ করেছেন। সাবেক মহানগর সভাপতি আহসান হাবিব কামাল বলেন, ‘কেন্দ্র আমাদের সঙ্গে আলোচনা করে ওই কমিটি করার সিদ্ধান্ত নিয়েছিল। আমি তা নাকচ করে দিয়েছি। আমি কোনো একনায়কতন্ত্র মানি না। তা ছাড়া আমি একসময় মহানগর কমিটির সভাপতি ছিলাম। এখন সেই কমিটিরই সাধারণ সম্পাদক হতে পারি না। যেহেতু আমি নির্বাচন করব সিটিতে তাই মহানগর কমিটিতে আমাকে কাজ করতে হবে।’