কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়া নিয়ে বিএনপিদলীয় সম্ভাব্য মেয়র পদপ্রার্থীরা কেন্দ্রের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন। তিন কারণে দলটির নেতা-কর্মীরা আসন্ন নির্বাচন নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছেন। এগুলো হলো—নারায়ণগঞ্জে বিএনপির মেয়র পদপ্রার্থীকে শেষ মুহূর্তে বসিয়ে দেওয়া, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কেন্দ্রীয় বিএনপির আর কোনো নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা ও কুমিল্লার সব ওয়ার্ডে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) দেওয়ার ঘোষণা।এ অবস্থায় বিএনপি নির্বাচনে যাবে কি না, তা নিয়ে দোলাচলে রয়েছেন নেতা-কর্মীরা। তবে প্রচারণায় কমতি নেই সম্ভাব্য তিন মেয়র পদপ্রার্থীর। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিশ্বাস ও দাবি, নির্বাচনে অংশ নিলেই দলের প্রার্থী যিনিই হোন না কেন, চমক দেখাতে পারবেন। দলের একাধিক নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যানুসন্ধানে জানা গেছে, মেয়র পদে নির্বাচন করতে চান বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ও সাবেক সাংসদ মনিরুল হক চৌধুরী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক সাংসদ আমিন উর রশিদ ইয়াছিন এবং কুমিল্লা পৌরসভার সর্বশেষ মেয়র ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক সাক্কু। ইতিমধ্যে ওই তিন নেতা মতবিনিময় সভা, বৈঠক ও গণসংযোগ শুরু করেছেন। পোস্টার, ফেস্টুন আর ব্যানারে প্রার্থিতার কথা জানান দিয়েছেন। নগরের পাড়ায় পাড়ায় তাঁদের নামে প্রচারণা চলছে। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন উর রশিদ ইয়াছিন বলেন, ‘কেন্দ্রীয় বিএনপি নির্বাচনে অংশ নিতে চায় কি না, তার জন্য অপেক্ষা করতে হবে। একই সঙ্গে ইভিএম পদ্ধতির বিরুদ্ধে আমাদের দলীয় অবস্থান রয়েছে। এ ক্ষেত্রে তফসিল ঘোষণার আগে কোনো ধরনের মন্তব্য করা ঠিক হবে না। তবে দল নির্বাচনে গেলে আমি মনোনয়ন চাইব। দল যাঁকে মনোনয়ন দেবে, তিনিই হবেন বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী।’ কুমিল্লা পৌরসভার সদ্য বিদায়ী মেয়র মনিরুল হক সাক্কু বলেন, ‘আমি নির্বাচন করবই। দল নির্বাচনে অংশ না নিলেও স্থানীয় সরকার নির্বাচন হওয়ায় আমি নির্বাচন করব। সিটি এলাকায় বিএনপির প্রচুর ভোটার রয়েছেন। আমাদের হাজার হাজার কর্মী আছেন। বিগত দিনে কুমিল্লাবাসীর খেদমত করেছি। দলীয় নেতা-কর্মীদের চাঙা রাখতে হলে নির্বাচনে অংশ নেওয়া ছাড়া সামনে কোনো পথ নেই। আশা করি, দল আমাকে মূল্যায়ন করবে।’সাবেক সাংসদ মনিরুল হক চৌধুরী বলেন, ‘সদ্য বিলুপ্ত সদর দক্ষিণ পৌরসভা এলাকা থেকে উভয় দল মিলিয়ে আমিই একমাত্র সম্ভাব্য মেয়র পদপ্রার্থী। প্রায় অর্ধশতাব্দীর রাজনৈতিক জীবনে আমার বহু কর্মী নগরের বিভিন্ন স্থানে ছড়িয়ে আছেন। কুমিল্লার পরিবর্তনের জন্য তাঁরা আমার পাশে থাকবেন। চারদলীয় জোট সরকারের আমলে সদর দক্ষিণ পৌরসভা না করলে আজ কুমিল্লা সিটি করপোরেশন হয়তো হতো না। পাশাপাশি দুটি পৌরসভা হওয়ায় কুমিল্লা সিটি করপোরেশন হলো। দলের হাইকমান্ড মনোনয়ন দিলে অবশ্যই নির্বাচন করব। সবকিছু কেন্দ্রের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।’কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরী বলেন, ‘কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক নির্বাচনের কৌশল নির্ধারণ করা হবে। বিএনপি নির্বাচনে যাবে কি না, তা হাইকমান্ডই বলবে। তফসিল ঘোষণা হওয়ার আগে কিছু বলা যাচ্ছে না।’ তবে দলের সম্ভাব্য মেয়র পদপ্রার্থীরা প্রচারণায় রয়েছেন বলে তিনি জানিয়েছেন। প্রসঙ্গত, আগামী বছরের ১০ জানুয়ারির মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন হওয়ার বাধ্যবাধকতা রয়েছে। এ মাসেই তফসিল ঘোষণা হবে। ইতিমধ্যে সীমানা নির্ধারণ-সম্পর্কিত গেজেট ছাপার কাজ শুরু হয়েছে। এ বছরের ১০ জানুয়ারি কুমিল্লা সিটি করপোরেশন প্রতিষ্ঠা হয়। আওয়ামী লীগের পাশাপাশি বিএনপিও কোন্দলে জর্জরিত। এখানেও দুটি ধারা রয়েছে। এক পক্ষে আমিন উর রশিদ ইয়াছিন, আরেক পক্ষে মনিরুল হক সাক্কু।