কেন্দ্রের নির্দেশের অপেক্ষায় বিএনপি
ভোলার তিনটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে গত বৃহস্পতিবার পর্যন্ত বিএনপির কারও তৎপরতাও চোখে পড়েনি। কেন্দ্র থেকে কোনো নির্দেশনা না আসায় জেলা-উপজেলা পর্যায়ের নেতারা কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। তাঁরা কেন্দ্রের নির্দেশনার অপেক্ষায় আছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা ও বোরহানউদ্দিন পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন, আগামী ৩০ ডিসেম্বর ভোলা সদর, বোরহানউদ্দিন ও দৌলতখানে পৌরসভা নির্বাচন হবে।
প্রার্থী হিসেবে ভোলা সদর পৌরসভায় জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আমিনুল ইসলাম খান, সাবেক মেয়র জেলা বিএনপির সহসভাপতি শফিউর রহমান, জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়ারুল আলমের নাম শোনা যাচ্ছে। দৌলতখানে উপজেলা বিএনপির নির্বাহী সদস্য আনোয়ার হোসেন, বোরহানউদ্দিনে পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামানের নাম শোনা যাচ্ছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া বলেন, ‘ জেলা-উপজেলার কমিটি বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। কেন্দ্র থেকে নির্দেশনা এলে মনোনয়নপত্র ক্রয় করা হবে।’