কেন্দ্রের পর প্রান্তেও জাপার 'নাটক'
কেন্দ্রে জাতীয় পার্টির ‘তামাশা’র পর এবার প্রান্তেও দলটির ‘নাটক’ মঞ্চস্থ হয়েছে। গত শনিবার জেলা রিটার্নিং কর্মকর্তার দপ্তরে জাপার দুই নেতা কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে নিজেদের দলের বৈধ প্রার্থী দাবি করলে এ ঘটনা ঘটে।
দুই নেতাই একই সঙ্গে লাঙ্গল প্রতীকের চিঠি দেখান রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়াকে। উভয় চিঠিতে দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারের সই রয়েছে। এ অবস্থায় রিটার্নিং কর্মকর্তা প্রতীক বরাদ্দ দেওয়া নিয়ে জটিলতায় পড়েন। একপর্যায়ে তিনি উভয় ব্যক্তিকে সমঝোতা করে কেন্দ্র থেকে পুনরায় চিঠি আনার অনুরোধ করেন।
উদ্ভূত পরিস্থিতিতে ওই দিন দুপুর ১২টা ৫২ মিনিটে মহাসচিবের সই করা একটি চিঠি রিটার্নিং কর্মকর্তার দপ্তরে ফ্যাক্সে পাঠানো হয়। এতে মুরাদনগর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আক্তার হোসেনকে বৈধ প্রার্থী হিসেবে প্রতীক বরাদ্দের জন্য বলা হয়। একই সঙ্গে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রসমাজের আহ্বায়ক জামাল উদ্দিন জাপার প্রার্থী নয় বলে উল্লেখ করা হয়। পরে রিটার্নিং কর্মকর্তা আক্তার হোসেনকে লাঙ্গল প্রতীক বরাদ্দ দেন।