কেন্দ্রের বাইরে উৎসুক মানুষের ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তখনো ভোট শুরু হয়নি। কেন্দ্রের বাইরে এরই মধ্যে জড়ো হয়েছেন হাজারো উৎসুক মানুষ। সেই ভিড়ে সেজেগুজে আছেন প্রার্থীরাও। তাঁরা ভোটারদের পাশাপাশি অন্যদের সঙ্গে কুশলবিনিময় করছেন। চারদিকে টাঙানো প্রার্থীদের সারি সারি পোস্টার। যেন পোস্টারে চেয়ে গেছে সব।
গতকাল বুধবার সকাল সাড়ে আটটায় সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় কেন্দ্র ও কেন্দ্রের সামনের দৃশ্য ছিল এ রকমই। সময় যত এগোয় বাইরে মানুষর ভিড় তত বাড়ে। নয়টা বাজার সঙ্গে সঙ্গে একে একে ভোটাররা প্রবেশ করেন কেন্দ্রে।
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে প্রতিটি কেন্দ্রের সামনে প্রার্থী, তাঁদের সমর্থক ও উৎসুক মানুষের ভিড় ছিল ভোটের শুরু থেকে শেষ পর্যন্ত। জেলার ১৫টি কেন্দ্রের মধ্যে ৭টি কেন্দ্র ঘুরে এই দৃশ্য চোখে পড়েছে।
সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় কেন্দ্রে কথা হয়, হাসননগর এলাকার যুবক নাসিমুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘আমি ভোটার বা কোনো প্রার্থীর সমর্থক নই। ভোট হচ্ছে, তাই অনেকের সঙ্গে দেখতে এসেছি।’ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের ইছাগড়ি গ্রামের সুফিয়া বেগম এসেছেন এলাকার ইউনিয়ন পরিষদের (ইউপি) নারী সদস্যের সঙ্গে। তিনি বলেন, ‘আপারে আগেই বলে রাখছিলাম, আমারে যেন ভোটের দিন সেন্টারে নিয়া আয়। ভালা লাগের অত মানুষরে দেখে।’ একই ইউপির সদস্য ওলিউর রহমান বলেন, ‘আমরা ভোটার হলেও, ভোটের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়েছে। তাই কেন্দ্রে এত মানুষ। ভোট নিয়ে সবার মাঝেই একটা উৎসব উৎসব ভাব রয়েছে।’
বিশ্বম্ভরপুরের বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে কথা হয় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদারের সঙ্গে। তিনি বলেন, চেয়ারম্যান পদে শক্তিশালী দুজন প্রার্থী থাকায় নির্বাচন নিয়ে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। সেই সঙ্গে সাধারণ সদস্য ও নারী ওয়ার্ডের প্রার্থীরা ভোটকে আরও উৎসবমুখর করেছেন।
ভোট চলার সময় কেন্দ্রের বাইরে একই দৃশ্য দেখা গেছে বিশ্বম্ভরপুরের বালিকা উচ্চবিদ্যালয়, দক্ষিণ সুনামগঞ্জের পাগলা উচ্চবিদ্যালয়, জগন্নাথপুরের শাহজালাল মহাবিদ্যালয়, দিরাইয়ের দিরাই বালিকা উচ্চবিদ্যালয় ও শাল্লার শাহিদ আলী মডেল উচ্চবিদ্যালয় কেন্দ্রে।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শেখ রফিকুল ইসলাম বলেন, সুনামগঞ্জে অত্যন্ত শান্তিপূর্ণ ভোট হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কেউ কোনো অভিযোগও করেননি।