ফরিদপুরের বোয়ালমারী উপজেলার আটটি ইউনিয়ন পরিষদে বাইরে ছিমছাম শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকলেও অনেক কেন্দ্রের ভেতরে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে নানা অনিয়ম ঘটেছে। গতকাল শনিবার বিভিন্ন কেন্দ্রে প্রকাশ্যে সিল, একসঙ্গে দুজন ভোট দেওয়া, জাল ভোটসহ নানা অনিয়ম দেখা যায়।
সাতৈর ইউনিয়নের মজুরদিয়া সরকারি প্রাথমিক কেন্দ্রে এক বুথে দুজনকে একসঙ্গে ভোট দিতে দেখা যায়। রূপাপাত ইউনিয়নের কদমী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার ঘটনা ঘটেছে। শেখর ইউনিয়নের তেলজুরি খন্দকার বাড়ি মাদ্রাসা কেন্দ্রের দ্বিতল ভবনের নিচতলায় জাল ভোট ও দোতলায় প্রকাশ্যে সিল মারতে দেখা যায়। পরমেশ্বরদী ইউনিয়নের জয়পাশা সরকারি বিদ্যালয় কেন্দ্রে প্রকাশ্যে সিল, জাল ভোটের ঘটনা ঘটেছে। ওই কেন্দ্রে নির্বাহী হাকিম এলে দ্রুত এক নারী আনসার সদস্য ভেতরে গিয়ে সতর্ক করে দেওয়ার পর বহিরাগতদের বের করে দিয়ে দায়িত্বরত কর্মকর্তাদের নড়েচড়ে বসতে দেখা যায়।
চেয়ারম্যান প্রার্থীদের সর্বোচ্চ দুটি গাড়ি বরাদ্দ করার বিধান থাকলেও পরমেশ্বরদী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীর নামে চারটি গাড়ি বরাদ্দ দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা। ওই ইউনিয়নে দায়িত্ব পালনকারী নির্বাহী হাকিম মোহাম্মদ আবুল খায়ের বলেন, তিনি আওয়ামী লীগ প্রার্থীর একটি গাড়ি জব্দ করেছেন। অনুমতি না থাকায় নয়জন মোটরসাইকেল আরোহীকে ৩ হাজার ৬০০ টাকা জরিমানা করেন। এ ছাড়া এজেন্টের কাছ থেকে জব্দ করা হয় আটটি মুঠোফোন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা আল আমিন বলেন, এমনটি তো হওয়ার কথা নয়।
চতুল ইউনিয়নের পেয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সহকারী রিটার্নিং কর্মকর্তার টেবিলেই সিল মারতে দেখা গেছে। প্রকাশ্যে সিল মারা এক ভোটারকে আটক করে ব্যবস্থা নেওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে অনুমতি চান দায়িত্বরত পুলিশ কর্মকর্তা মো. মামুন। রিটার্নিং কর্মকর্তা নির্দেশনা না দেওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়। কেন্দ্রে বিএনপির পোলিং এজেন্ট দেখা যায়নি।
বিএনপির প্রার্থী শাহ মোহাম্মদ মঞ্জু বলেন, ‘শুক্রবার বিকেল পর্যন্ত সব ঠিকঠাক ছিল, কে কে পোলিং এজেন্ট হবেন। কিন্তু রাতে প্রত্যেক এজেন্টের বাড়িতে গিয়ে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা হুমকি দেন, কেউ বিএনপির পোলিং এজেন্ট হলে তাঁর বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হবে। এ কারণে ভয়ে পোলিং এজেন্টরা কেন্দ্রে আসেননি। আওয়ামী লীগের প্রার্থী ও তাঁর সমর্থকেরা ভোটারদের প্রকাশ্যে সিল মারতে বাধ্য করেছেন।’
ওই কেন্দ্রের দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তা ও কাজী সিরাজুল ইসলাম কলেজের প্রভাষক বিভোর কুমার ঘোষ বলেন, ‘প্রকাশ্যে সিল না মারতে বলা হয়েছে। ভোটাররা না শুনলে কী করব?’
আওয়ামী লীগের প্রার্থী শরিফ মো. সেলিমুজ্জামান বলেন, ‘কেউ যদি প্রকাশ্যে ভোট দেয়, তাতে আপত্তি কোথায়?’