কেন্দ্রের বাইরে নিয়ে উত্তরপত্র লেখার দায়ে ছাত্রের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ফরিদপুরে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র কেন্দ্রের বাইরে থেকে লিখে দেওয়ার দায়ে গত মঙ্গলবার এক কলেজছাত্রকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় গতকাল বুধবার সকালে কেন্দ্রসচিবকেও বরখাস্ত করা হয়েছে।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন ফরিদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডি এম আতিকুর রহমান। তিনি জানান, চলতি এইচএসসি পরীক্ষায় উপজেলা সদরের ওই কলেজের শিক্ষার্থীরা পার্শ্ববর্তী মোহামঞ্চদ ইয়াছিন ডিগ্রি কলেজ পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। পরীক্ষায় ফরিদপুর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অফিস সহকারী রেজাউল করিম অংশ নেন। পরীক্ষা শুরুর পর থেকে প্রতিদিন তিনি নিজের উত্তরপত্র কেন্দ্রের বাইরে পাঠিয়ে পাবনার সরকারি এডওয়ার্ড কলেজের এমএস শেষ বর্ষের ছাত্র আবদুল আজিজকে দিয়ে লিখিয়ে নিতেন। গত মঙ্গলবার অর্থনীতি পরীক্ষার উত্তরপত্র একইভাবে লিখিয়ে নিতে গেলে শিক্ষকেরা বিষয়টি টের পেয়ে ওই ছাত্রকে আটক করেন। তাঁর ব্যাগ থেকে একটি সাদা উত্তরপত্র ও অর্থনীতি বিষয়ের বই পাওয়া যায়। এ সময় পরীক্ষার্থী রেজাউল করিম পালিয়ে যান। পরে সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ওই কলেজছাত্রকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি দোষ স্বীকার করেন। আদালত ওই ছাত্রকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেন।ইউএনও ডি এম আতিকুর রহমান আরও জানান, বিষয়টি নিয়ে গতকাল সকালে শিক্ষকদের সঙ্গে জরুরি বৈঠক করা হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ওই কেন্দ্রের সচিব ও ফরিদপুর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ আবু সাঈদসহ তাঁর কলেজের সব শিক্ষক-কর্মচারীকে পরীক্ষাকেন্দ্রের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।