কেন্দ্রের বাইরে ব্যালট পেপার প্রদর্শনের দায়ে চারজনের কারাদণ্ড
পছন্দের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য প্রার্থীকে ভোট দিয়ে সিল মারা ব্যালট পেপার কক্ষের বাইরে এনে প্রদর্শন করার দায়ে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় গতকাল শনিবার চারজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। লালমনিরহাটের মুখ্য বিচারিক হাকিম মেহেদী হাসান মণ্ডল এ রায় দেন। এ ছাড়া জাল ভোট দেওয়ার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।
সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মদাতী ইউনিয়নের লুৎফর রহমান (৪৫), মোহাম্মদ আলী (৫০), দলগ্রাম ইউনিয়নের গ্যাগড়া গ্রামের আবুল কাসেম (৪৫) এবং তুষভান্ডার ইউনিয়নের উত্তর ঘনেশ্যাম গ্রামের মো. সাজু মিয়া (৪০)।
এদিকে জাল ভোট দেওয়ার অভিযোগে একই উপজেলার নওদাবাস উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে শৈলমারী কালীকাপুর গ্রামের মহির উদ্দিন (৫৫), সৈয়দ আলী (৫৫) ও রাহেনুর রহমানকে (৩২) আটক করেছে পুলিশ।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান ও জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম বলেন, ভোটদান কক্ষ থেকে সিল মারা ব্যালট পেপার বাইরে এনে প্রদর্শনের অভিযোগে ওই চারজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া জাল ভোট দেওয়ার অভিযোগে ওই তিনজনকে আটক করেছে পুলিশ।