কেন্দ্রের ভেতরে মেয়রের ঘোরাঘুরি, বাইরে মহড়া
খুলনায় জেলা পরিষদ নির্বাচনে ১১ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্র ছিল পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তন। কেন্দ্রটি পাইকগাছা পৌরসভার অন্তর্ভুক্ত। গতকাল বুধবার সেখানে ভোট গ্রহণের শুরু থেকেই অবস্থান নেন পৌরসভার মেয়র সেলিম জাহাঙ্গীর। তিনি একাধিকবার ভোটারদের নিয়ে কেন্দ্রের ভেতর প্রবেশ করেন। মাঝেমধ্যে তিনি কেন্দ্রের বাইরে নেতা–কর্মীদের নিয়ে মহড়া দেন।
সেলিম জাহাঙ্গীর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে মেয়র নির্বাচিত হন।
ওই কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয় সকাল নয়টায়। এর আগেই মেয়র সেলিম জাহাঙ্গীরকে দেখা যায় কেন্দ্রের মধ্যে ঘোরাঘুরি করতে। সেখানে উপস্থিত ছিলেন প্রথম আলোর প্রতিনিধিও। কেন তিনি (সেলিম জাহাঙ্গীর) এভাবে কেন্দ্রে প্রবেশ করছেন—জানতে চাইলে প্রিসাইডিং কর্মকর্তা গাজী সাইফুল ইসলাম বলেন, ‘মেয়র থাকতে পারবেন না—এমন কোনো বাধ্যবাধকতা নেই।’ ভোট প্রদান ছাড়া তিনি কীভাবে কেন্দ্রের ভেতর আছেন, ওই কর্মকর্তার কাছে জানতে চাওয়ার কিছুক্ষণ পর দেখা যায় মেয়র সেলিম আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শেখ হারুনুর রশিদের প্রতীক আনারসের পোলিং এজেন্টের কার্ড ঝুলিয়েছেন। এরপর যে দরজা দিয়ে ভোটারদের প্রবেশ করানো হচ্ছিল, ওই দরজার পাশেই একটি চেয়ারে অবস্থান নেন মেয়র। পাশেই ছিলেন আনারস প্রতীকের আরেকজন পোলিং এজেন্ট। এ সময় কয়েকটি ভোট প্রকাশ্যে আনারস প্রতীকে দিতে দেখা যায়। পরে সাংবাদিক আছে জানতে পেরে গোপনে ভোট দেন ভোটাররা।
সাড়ে ১০টার দিকে কেন্দ্র থেকে বেরিয়ে আসেন সেলিম জাহাঙ্গীর। নেতা-কর্মীদের নিয়ে কেন্দ্রের বাইরেই মহড়া দেন তিনি। সেখানে পুলিশ ও র্যা বের গাড়ি ছিল। বেলা সাড়ে ১১টার দিকে কয়েকজন ভোটারকে নিয়ে ফের কেন্দ্রে প্রবেশ করার চেষ্টা করেন মেয়র। এ সময় কেন্দ্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের শরীর তল্লাশির উদ্যোগ নেন। তবে ‘ভোট সুষ্ঠু হচ্ছে’ উল্লেখ করে মেয়র ভোটারদের নিয়ে তল্লাশি ছাড়াই কেন্দ্রে প্রবেশ করান।
এ সম্পর্কে প্রিসাইডিং কর্মকর্তা গাজী সাইফুল ইসলাম বলেন, ‘শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হচ্ছে। এখানে সব প্রার্থীর পোলিং এজেন্ট উপস্থিত আছেন। মেয়রের কর্মকাণ্ড সম্পর্কে কেউ অভিযোগ দেননি।’
এ বিষয়ে জানতে গতকাল রাত সাড়ে সাতটার দিকে মেয়র সেলিম জাহাঙ্গীরের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তা বন্ধ পাওয়া যায়।
বেলা দুইটায় ভোট গ্রহণ শেষ হয়। এই কেন্দ্রে ভোট পড়ে ৬৩টি। এর মধ্যে অজয় সরকার (চিংড়ি) দুটি ও শেখ হারুনুর রশিদ (আনারস) পেয়েছেন ৬১টি ভোট। সব কটি কেন্দ্র মিলিয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন শেখ হারুনুর রশিদ।