কেন্দ্রের ভেতরে যত কাণ্ড

ভোটকেন্দ্রের বাইরে সুশৃঙ্খল পরিবেশ। পুলিশ, বিজিবি ও ভিজিল্যান্স টিমের ম্যাজিস্ট্রেট—সবই মোতায়েন ছিল। ভোটারের দীর্ঘ লাইন। ভোট গ্রহণ চলছিল যথারীতি। কেন্দ্রের ৭ নম্বর বুথের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আবুল কালাম আজাদের হাতে ব্যালটের মুড়ি। আঙুলে অমোচনীয় কালি ও টিপসই নেওয়ার পর ভোটারের হাতে দেওয়া হচ্ছে সাধারণ ও সংরক্ষিত সদস্যের ব্যালট। চেয়ারম্যানের ব্যালট বাক্সে ভরছেন আবুল কালাম আজাদ নিজেই।
সেই দৃশ্য গণমাধ্যমকর্মীদের নজরে পড়তেই হকচকিত ভোট কর্তা। দেখা গেল, তাঁর হাতে থাকা চেয়ারম্যানের ব্যালটের নতুন মুড়ির সব ব্যালটেই আগে থেকে নৌকায় সিল মারা। এসব ব্যালট পেপারের ক্রমিক নম্বর ছিল ১৬৩০০ থেকে ১৬৪০০ পর্যন্ত।
বিএনপির দুর্গ হিসেবে পরিচিত বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নের সাগাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার চিত্র এটি। আগে থেকে নৌকায় সিল মেরে যখন ব্যালট পেপার বাক্সে ভরা হচ্ছিল, তখন কেন্দ্রে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রার্থী ও দলের বগুড়া শহর কমিটির আহ্বায়ক রফি নেওয়াজ খান।
কেন্দ্রের ৭ নম্বর বুথের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘নৌকার লোকজন এসে ব্যালট পেপারের মুড়ি কেড়ে নিয়ে সব ব্যালটে সিল মেরেছেন। আমার কিছুই করার ছিল না।’
পাশের ৩ নম্বর বুথে ভোটারের বদলে ব্যালট পেপারে গণহারে নৌকায় সিল মেরে বাক্সে ভরছিলেন আওয়ামী লীগের প্রার্থীর এজেন্ট গোলাপী বেগম। তিনি বলেন, ‘একজন ভোটারকে সাহায্য করতেই ব্যালটে সিল মারছি।’
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা রেজাউল বারীর অফিসকক্ষ তখন বাইরে থেকে বন্ধ। প্রিসাইডিং কর্মকর্তা বলেন, এই কেন্দ্রে ভোটারসংখ্যা ২৯০৯ জন। এখন পর্যন্ত প্রায় ৪০ শতাংশ ভোট পড়েছে। ৭ নম্বর কক্ষে আগে থেকে সিলমারা কোনো ব্যালট পেপার সরবরাহ করা হয়নি। তাহলে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার হাতে সিলমারা ব্যালটের মুড়ি কেন জানতে চাইলে নিশ্চুপ থাকেন এই ভোট কর্তা।
ভিজিল্যান্স টিমের ম্যাজিস্ট্রেট শাহেদ পারভেজ বলেন, ব্যালট পেপারে আগে থেকে সিলমারার কথা তাঁকে কেউ বলেননি।
বিএনপির প্রার্থী আবদুল ওহাব বলেন, ‘বেলা ১০টার মধ্যে প্রায় সব ভোটকেন্দ্র দখল করে নিয়েছেন আওয়ামী লীগের লোকজন। নৌকায় মেরে বাক্সে ভরেছেন। এসব কেন্দ্র থেকে ধানের শীষের প্রার্থীদের বের করে দেওয়া হয়েছে। বাধ্য হয়ে বেলা ১২টায় ভোট বর্জনের ঘোষণা দিয়েছি।’

আনসার-এজেন্টের সিলমারার মহোৎসব: সকাল ১০টা ৩৬ মিনিটে রামেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ১ নম্বর বুথে ঢুকে ভোটারের বদলে ব্যালট পেপারে সিল মারায় ব্যস্ত ছিলেন দায়িত্বরত আনসার সদস্য আনছার আলী। একটি ব্যালটে নৌকায় সিল মেরে বাক্সে ভরতে দেখা গেল। আনছার আলী বলেন, ‘অনেকেই ব্যালটে সিল মারতে পারছেন না। এ জন্য সিল মারতে সাহায্য করছি।’
কেন্দ্রের আটটি বুথেই গোপনকক্ষে ঢুকে ভোটারের কাছ থেকে ‘নৌকায় সিল’ বুঝে নিচ্ছিলেন আওয়ামী লীগ প্রার্থীর এজেন্টরা। এ কারণে প্রতিটি বুথের গোপনকক্ষে একসঙ্গে চার-পাঁচজনকে দেখা গেল।
প্রিসাইডিং কর্মকর্তা আবু মোহাম্মদ তৌফিকুল ইসলাম বলেন, গোপনকক্ষে একজনের বেশি ঢুকতে নিষেধ করলেও ভোটাররা শুনছেন না। এখানে ভোটার সংখ্যা ২ হাজার ৮২৫ জন। এখন পর্যন্ত ৪০ শতাংশ ভোট পড়েছে।’
কেন্দ্রের বাইরে ককটেল নিক্ষেপ, অতঃপর ফাঁকা: ভোট শুরুর কিছুক্ষণের মধ্যে মাঝপাড়া কুসুমকলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রের বাইরে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এরপর থেকেই কেন্দ্রে ভোটার উপস্থিতি কম। বেলা ১১টার দিকে কেন্দ্রে গিয়ে দেখা গেল, ভোটারের তেমন উপস্থিতি নেই। ভোটকক্ষে তিন থেকে চারজন করে নৌকার এজেন্ট। নেই ধানের শীষের এজেন্ট।
৩ নম্বর বুথের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আপেল মাহমুদ জানান, তিন ঘণ্টায় এই বুথে ১১৭ ভোট পড়েছে। প্রিসাইডিং কর্মকর্তা আকতার হোসেন বলেন, ১ হাজার ৮৩৬ ভোটারের মধ্যে এখন পর্যন্ত ৪৫ ভাগ ভোট পড়েছে।
ধানের শীষের এজেন্ট খুঁজে পাননি ভোট কর্তা: বেলা সোয়া ১১টায় জাগুলি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা গেছে, কেন্দ্রজুড়ে ভোটারশূন্য। কোনো কোনো কক্ষে অলস বসে রয়েছেন ভোট কর্তারা। প্রতিটি কক্ষে নৌকার দুজন করে এজেন্ট থাকলেও নেই ধানের শীষের এজেন্ট। প্রিসাইডিং কর্মকর্তা শাহিদুল ইসলাম বলেন, সকাল থেকে ধানের শীষের কোনো এজেন্টকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন পর্যন্ত ৫০ শতাংশ ভোট পড়েছে।
ভোট কাটার মহোৎসবে বিএনপির প্রার্থীর স্ত্রী-পুত্র: বেলা সাড়ে ১১টায় নাড়ুয়ামালা ইউপির প্রথমারছেও কেন্দ্রে গিয়ে পুলিশ ও বহিরাগতদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার দৃশ্য দেখা গেল। পরিস্থিতি সামলাতে ডাকা হয় বিজিবি ও ভিজিল্যান্স টিমের ম্যাজিস্ট্রেটকে। কেন্দ্রে ঢুকে দেখা গেল, একটি কক্ষের দুটি বুথে (৩ ও ৪ নম্বর) আওয়ামী লীগের প্রার্থী আবদুল গোফফারের স্ত্রী আকলিমা বেগম নিজেই নৌকায় সিল মেরে বাক্সে ভরছেন। আরেকটি বুথে প্রার্থীর ছেলে আবদুস সবুর ‘প্রকাশ্যে সিল’ মেরে ভোটারের কাছ থেকে নৌকায় ভোট বুঝে নিচ্ছিলেন। আকলিমা বেগম বলেন, তিনি নৌকার এজেন্ট।
সহকারী প্রিসাইডিং কর্মকর্তা পারভীন সুলতানা বলেন, এজেন্ট হলেও কোনো ভোটারের হাত থেকে ব্যালট নিয়ে সিল মারা বেআইনি।
এই কেন্দ্রের অন্য সাতটি বুথেও প্রকাশ্যে নৌকায় ভোট বুঝে নিচ্ছিলেন আওয়ামী লীগ প্রার্থীর এজেন্টরা। এখানে ছিল না ধানের শীষের প্রার্থী ফজলে রাব্বি ফিরোজের কোনো এজেন্ট।