কেন্দ্রের ভেতরে সরকার সমর্থকদের অবাধ চলাচল
উত্তর সিটি করপোরেশনের ২১ ও ২২ নম্বর ওয়ার্ডের পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের ২০টি কেন্দ্র সারা দিন ঘুরে প্রতিটি কেন্দ্রের সামনেই ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের অবস্থান নিতে দেখা গেছে। এর মধ্যে অন্তত ১২টি কেন্দ্রের ভেতর তাঁরা যখন-তখন ঢুকেছেন। গতকাল সকাল সাড়ে আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এমন চিত্র দেখা গেছে।
২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী গোলাম মোস্তফা সকালে অভিযোগ করেন, সরকার-সমর্থক কাউন্সিলর প্রার্থীর কর্মীরা তাঁর এজেন্টদের ভেতরে ঢুকতে দেননি। উল্টো মহানগর মহাবিদ্যালয় কেন্দ্রের ফটকে দুজন এজেন্টকে মারধর করা হয়েছে। তবে মহাবিদ্যালয়টির একটি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা কামরুল হাসান এমন কোনো অভিযোগ না পাওয়ার কথা জানিয়েছেন।
বাইরে গন্ডগোল, ভেতরে জাল ভোট
ঢাকা উত্তরের ২২ নম্বর ওয়ার্ডের (রামপুরা-বনশ্রী) রামপুরা একরামুন্নেসা উচ্চ বালিকা বিদ্যালয়ে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা জাল ভোট দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী এবং পোলিং কর্মকর্তারা জানান, বেলা সোয়া ১১টার দিকে রামপুরা থানা যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের ৮-১০ জনের একটি দল একরামুন্নেসা উচ্চ বালিকা বিদ্যালয়ের গেটে এসে প্রথমে হইচই এবং পরে পুলিশ ও অন্যান্য প্রার্থীর কর্মী-সমর্থকদের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু করেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যস্ত হয়ে পড়েন। এ সুযোগে সরকার-সমর্থকদের কয়েকজন কেন্দ্রের ভেতরে ঢুকে পড়ে এবং দীর্ঘক্ষণ জাল ভোট দেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন পোলিং কর্মকর্তা জানান, ওই সময় শুধু তাঁর বুথেই শতাধিক জাল ভোট দেওয়া হয়েছে। কর্তব্যরত পুলিশের একজন সদস্যের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আপনাদের সঙ্গে কথা বলা আমার দায়িত্ব না।’