নেত্রকোনার মোহনগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র ও কাউন্সিলর পদে কোনো দলের মনোনয়নপ্রত্যাশীই প্রচারণায় নামেননি। কেন্দ্রের সবুজসংকেতের দিকে তাকিয়ে আছেন তাঁরা। অনেকে মনে করছেন, মেয়র পদে দলীয় প্রার্থী মনোনয়ন চূড়ান্ত হওয়ার পরই নির্বাচনী মাঠ সরগরম হয়ে উঠবে।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মোহনগঞ্জ পৌরসভার নয়টি ওয়ার্ডে ভোটার রয়েছেন ১৮ হাজার ১৫২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৬৯০ জন ও নারী ভোটার রয়েছেন ৯ হাজার ৪৬২ জন।
মোহনগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকার অর্ধশতাধিক ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, অন্য সময়ের মতো এবারের পৌরসভা নির্বাচন উপলক্ষে নির্বাচনী হাওয়া এখনো বইছে না। মনোনয়নপ্রত্যাশীদের নেই কোনো প্রচার-প্রচারণা। সবাই চুপচাপ। ১৯৭৫ সালে পৌরসভা প্রতিষ্ঠিত হওয়ার পর এই পর্যন্ত আটবার নির্বাচন হয়েছে। এর মধ্যে বিএনপি থেকে মাত্র একবারই মেয়র পদে প্রার্থী নির্বাচিত হয়েছেন। সাতবারই এই পদটি ছিল আওয়ামী লীগের দখলে।
উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, হামলা, মামলা, গ্রেপ্তার আতঙ্কসহ নানা কারণে দীর্ঘদিন ধরে মোহনগঞ্জে কোণঠাসা হয়ে আছে বিএনপির নেতা–কর্মীরা।
অন্যদিকে আওয়ামী লীগের নেতা-কর্মীরাও দুই ভাগে বিভক্ত বলে কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে।
নির্বাচনের বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহীদ ইকবাল প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগের দলীয় প্রার্থী মনোনয়নের জন্য কেন্দ্র থেকে স্থানীয় সাংসদসহ সাত সদস্যের একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। কমিটি আগামীকাল সোমবারের মধ্যে দলীয় প্রার্থীর বিষয়টি চূড়ান্ত করে তা কেন্দ্রে পাঠাবে। কেন্দ্র থেকে সবুজসংকেত না পাওয়া পর্যন্ত এ নিয়ে কিছু বলা যাচ্ছে না।
জানতে চাইলে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি আ খ ম শফিকুল হক প্রথম আলোকে বলেন, ‘মেয়র পদে চারজন প্রার্থী দলীয় মনোনয়ন পাওয়ার জন্য দাবি করেছিলেন। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নিয়ে সভা করে সর্বসম্মতিতে মেয়র পদে মো. মাহবুবুন্নবী শেখকে দলীয় সমর্থন দেওয়া হয়েছে। তবে আমরা এখনই প্রচারণায় নামছি না। কেন্দ্র থেকে নির্দেশনা পেলে পরবর্তী কার্যক্রম শুরু করব। সরগরম হবে নির্বাচনী মাঠ।’
যোগাযোগ করলে জাতীয় পার্টির (জাপা) উপজেলা শাখার আহ্বায়ক মো. আবদুর রহিম বলেন, ‘আমাদের দল থেকেও মেয়র পদে প্রার্থী দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে তা এখনো স্পষ্ট হয়ে ওঠেনি।’