কেন্দ্রের সম্মতি পেলে বিএনপি খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে অংশ নেবে। গত মঙ্গলবার বিকেলে খুলনা নগর বিএনপির জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়েছে।
নগর বিএনপির সভাপতি ও খুলনা-২ আসনের সাংসদ নজরুল ইসলামের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে নগর বিএনপি ও এর অঙ্গসংগঠনের জরুরি সভা হয়। সভায় এই নির্বাচনকে সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে ধরে নিয়ে মেয়র ও কাউন্সিলর পদে দল-সমর্থিত একক প্রার্থী দিয়ে তাঁদের পক্ষে ঐক্যবদ্ধভাবে নেতা-কর্মীদের কাজ করার আহ্বান জানানো হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান, কাজী সেকেন্দার আলী, শেখ মোশাররফ হোসেন, ফজলে হালিম, সিরাজুল ইসলাম, আমির আলী, শেখ খায়রুজ্জামান, আবদুর রহমান, জাহিদুল ইসলাম, রেহানা ঈসা, ফখরুল আলম, শেখ আমজাদ হোসেন, আরিফুজ্জান, শেখ হাফিজুর রহমান, শফিকুল আলম প্রমুখ। নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফখরুল আলম বলেন, ‘আমাদের ধারণা বিএনপি একক প্রার্থী দিতে পারলে মেয়রসহ কাউন্সিলররা জিতে আসবেন। মানুষ আসলে আওয়ামী লীগের বিরুদ্ধে ভোট দেওয়ার সুযোগ খুঁজছে।’ প্রচার সম্পাদক সামছুজ্জামান বলেন, ‘নগর বিএনপির সম্পাদক মো. মনিরুজ্জামান ও জেলা বিএনপির সম্পাদক শফিকুল আলম মেয়র পদে মনোনয়নপত্র কিনেছেন। তা ছাড়া কাউন্সিলর পদেও অনেকে মনোনয়নপত্র কিনেছেন। শিগগিরই দলীয় সভায় সব পদে একক প্রার্থিতার সিদ্ধান্ত হবে বলে আশা করছি।’
সাংসদ নজরুল ইসলাম বলেন, ‘আমরা কেন্দ্রের সমঞ্চতি সাপেক্ষে কেসিসি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’