কেন্দ্রের সামনে থেকে তুলে নিল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাগর ইসলাম
সাগর ইসলাম

চাঁদপুরের শাহরাস্তিতে এসএসসি পরীক্ষার প্রথম দিন পরীক্ষা কেন্দ্রের সামনে থেকে এক পরীক্ষার্থীকে তুলে নিয়ে গেছে পুলিশ। বারবার অনুরোধ করে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ার কথা বলা হলেও পুলিশ তা শোনেনি বলে অভিযোগ পাওয়া গেছে। এ কারণে সে আর পরীক্ষা দিতে পারেনি।
গত বৃহস্পতিবার শাহরাস্তি উপজেলার নিজমেহার মডেল পাইলট উচ্চবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। ওই পরীক্ষার্থীর নাম সাগর ইসলাম। সে দেবকরা মারগুবা ডা. শহীদুল্লাহ মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী এবং দেবকরা গ্রামের মোস্তফা কামালের ছোট ছেলে। সাগরের অভিযোগ, পরীক্ষা কেন্দ্র থেকে সিএনজিচালিত অটোরিকশায় ওঠানোর সময় এবং থানায় নেওয়ার পথে পুলিশ তাকে মারধর করেছে। তবে পুলিশ ওই অভিযোগ অস্বীকার করেছে।
পরীক্ষা কেন্দ্র ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার থেকে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। ওই দিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত বাংলা প্রথম পত্র বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শাহরাস্তি থানা সূত্রে জানা গেছে, গত বুধবার সকালে সাগরের পরিবারের সঙ্গে প্রতিবেশী নুরুল হকের পরিবারের বাড়ির সম্পত্তি নিয়ে মারামারি হয়। এ ঘটনায় বুধবার রাতে নুরুল হকের পরিবার সাগরের বাবা, মাসহ তাঁর বিরুদ্ধে শাহরাস্তি থানায় মামলা করেন। মামলার পর সাগর বাড়ি থেকে সরে যায়।

গতকাল শুক্রবার সাগর বলে, ‘গত বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় আমার বড় ভাইকে সঙ্গে নিয়ে পরীক্ষা দেওয়ার জন্য কেন্দ্রের সামনে যাই। সেখানে নুরুল হকের দুই ছেলেকে দেখে আমরা ভয় পাই। পরে সোয়া ১০টায় আমি আমাদের প্রধান শিক্ষকের কাছ থেকে প্রবেশপত্র সংগ্রহ করে কেন্দ্রে প্রবেশ করার সময় এসআই কামাল হোসেন আমাকে ধরেন। এ সময় আমি ও আমার স্যার একাধিকবার পুলিশকে পরীক্ষার কথা বললেও তাঁরা আমার ও স্যারের কথা শোনেনি।’

সাগর বলে, ‘ওসি সাহেব আমাকে পাঁচ-সাত মিনিট জিজ্ঞাসাবাদ করে পুনরায় পরীক্ষার কেন্দ্রে নিয়ে আসেন। কিন্তু কেন্দ্রসচিব ও অন্য কর্মকর্তারা আমাকে আর পরীক্ষা দিতে দেয়নি।’ এ বিষয়ে কেন্দ্রসচিব আলী আশ্রাফ খান বলেন, ১১টা ৩৫ মিনিটে পুলিশ ছেলেটিকে নিয়ে কেন্দ্রে এসেছে। তখন আর পরীক্ষা নেওয়ার সময় ছিল না।

সাগরের বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাসার বলেন, ‘ছেলেটি (সাগর) আমার বিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র। পুলিশ আমার কোনো কাকুতি-মিনতি শোনেনি।’

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘আমি পাঁচ-সাত মিনিট তাকে (সাগর) থানায় জিজ্ঞাসাবাদ করেছি। পরে পরীক্ষার্থী জেনে সাড়ে ১১টার সময় তাকে কেন্দ্রে নিয়ে এসেছি। সেখানে ইউএনও, কেন্দ্রসচিব ও হল সুপারদের উপস্থিতিতে বলেছে, সে ১০টায় কুমিল্লা থেকে রওনা দিয়েছে। তাহলে তাঁর কেন্দ্রে আসতে এক থেকে দেড় ঘণ্টা লেগেছে।’

উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন বলেন, ‘কেন্দ্রের সামনে থেকে নয়, বৃহস্পতিবার বেলা ১১টা ২৫ মিনিটে কালীবাড়ি মোড় থেকে সাগরকে আটক করা হয়। থানায় নেওয়ার পর সে নিজেকে পরীক্ষার্থী বললে ওসি স্যারসহ তাকে কেন্দ্রে নিয়ে যাই।’ তিনি সাগরকে মারধরের কথা অস্বীকার করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিব উল্যা বলেন, ‘খবর পেয়ে আমি সাড়ে ১১টায় কেন্দ্রে যাই। সেখানে আমরা সাগরের পরীক্ষা নেওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু বোর্ডের সঙ্গে যোগাযোগ করলে দেড় ঘণ্টা সময় চলে যাওয়ায় তাঁরা পরীক্ষা নেওয়ার সুযোগ নেই বলে জানান। এ জন্য আর তার পরীক্ষা নেওয়া হয়নি। তবে পরের পরীক্ষাগুলো নেওয়া হবে।’