কেন্দ্রের সিদ্ধান্তে আ.লীগের প্রার্থী পরিবর্তন
পঞ্চগড় পৌরসভা নির্বাচনে স্থানীয়ভাবে পাঠানো একক প্রার্থীকে মনোনয়ন দেয়নি আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড। গত মঙ্গলবার বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিয়া আনোয়ার মেয়র পদে মনোনয়ন পান।
গতকাল বুধবার দুপুরে জাকিয়া আনোয়ার জেলা নির্বাচন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাতসহ দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে জানা যায়, জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম সুজন এবং সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত গত রোববার একক প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা সারোয়ার হোসেনের নাম কেন্দ্রে পাঠান। মঙ্গলবার রাতে তাঁরা জানতে পারেন, মির্জা সারোয়ারের পরিবর্তে জাকিয়া আনোয়ার মনোনয়ন পাচ্ছেন। গভীর রাতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী জাকিয়া আনোয়ারকে তাঁর প্রার্থিতার বিষয়টি নিশ্চিত করে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত প্রত্যয়নপত্র সংগ্রহ করতে বলেন।
জাকিয়া আনোয়ার বলেন, ‘পৌর নির্বাচন করব বলে আমি প্রায় তিন বছর ধরে প্রস্তুতি নিচ্ছি। এ জন্য ভোটারদের বাড়ি বাড়ি যাওয়াসহ মাঠপর্যায়ে বিভিন্ন কাজ করেছি। শুনেছি, মাঠে সক্রিয় থাকার এসব খবর বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে দলীয় সভানেত্রীর কাছে পৌঁছেছে। সে বিবেচনাতেই হয়তো আমাকে প্রার্থী করা হয়েছে।’
জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম বলেন, ‘আমি সুপারিশ করেছিলাম অন্যজনের জন্য। তবে কেন্দ্র যা ভালো মনে করেছে, তাই করেছে। তাঁর (জাকিয়া) জন্য আমরা নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।’
মির্জা সারোয়ার হোসেন বলেন, ‘দলীয় সিদ্ধান্ত মেনে নিয়েছি। নৌকার পক্ষে কাজ করব।’