কেন্দ্রের সিদ্ধান্তের দিকে নজর সম্ভাব্য প্রার্থীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তফসিল ঘোষণার পর ফরিদপুরের বোয়ালমারী ও নগরকান্দা পৌরসভার নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বেড়ে গেছে। এসব প্রার্থী এখন ঢাকার সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে।
নগরকান্দায় আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী ব্যক্তিরা হলেন বর্তমান মেয়র নগরকান্দা পৌর আওয়ামী লীগের সভাপতি রায়হান উদ্দিন মিয়া, সাবেক পৌর মেয়র আলিমুজ্জামান টুলু মোল্লা, পৌর যুবলীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর মুরাদ হোসেন, লস্করদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান সিদ্দিকুল আলম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি লিয়াকত হোসেন মাতব্বর, কাউন্সিলর ইউষা মুন্সী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন।
নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বলেন, ‘পৌর নির্বাচনে মনোনয়ন কীভাবে দেওয়া হবে এখনো কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত হয়নি। আশা করছি, দুই-এক দিনের মধ্যে কেন্দ্র থেকে নির্দেশনা পাব। এরপর দলীয় ফোরামে বসে মেয়র পদে দলের প্রার্থী চূড়ান্ত করা হবে।’
নগরকান্দায় মেয়র পদে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা হলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান, উপজেলা বিএনপির সহসভাপতি আলিমুজ্জামান সেলু, পৌর বিএনপির সভাপতি আছাদুজ্জামান আছাদ, উপজেলা কৃষক দলের সভাপতি বিল্লাল হোসেন মোল্লা ও পৌর স্বেচ্ছাসেবক দলের ফকোরুজ্জামান ফকো।
বোয়ালমারীতে মেয়র পদে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা হলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ, পৌর আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য মো. মোজাফফর হোসেন, যুবলীগের একাংশের যুগ্ম আহ্বায়ক মো. মনিরুজ্জামান মৃধা। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন বলেন, ‘আমরা চাই তৃণমূল পর্যায়ের মতামতের ভিত্তিতে পৌরসভার মেয়র পদে প্রার্থী নির্বাচনের সিদ্ধান্ত নিক কেন্দ্র। এখন অনেকেই মাঠে আছেন। প্রার্থী মনোনয়ন হয়ে গেলে অন্যদের মাঠে দেখা যাবে না।’ বোয়ালমারী পৌরসভার বর্তমান মেয়র শুকুর শেখ। তিনি বোয়ালমারী পৌর বিএনপির নির্বাহী কমিটির সদস্য। দল নির্বাচনে অংশ নিলে এ পদে তিনিই দলীয় প্রার্থী হবেন বলে জানা গেছে।
পৌরসভার নির্বাচন প্রসঙ্গে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেছ আলী বলেন, ‘দলের অনেকেই ওই দুটি পৌরসভার মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী বলে আমি জানতে পেরেছি।’
জেলা জামায়াতের আমির আবদুত তাওয়াব বলেন, বোয়ালমারী পৌরসভায় মেয়র পদে পৌর জামায়াতের আমির সৈয়দ নিয়ামুল হাসানকে মনোনীত করা হয়েছে। নগরকান্দায় কাকে প্রার্থী করা হবে, তা এখনো নিশ্চিত হয়নি। তিনি আরও বলেন, তাঁরা যদি দলীয় প্রতীকে নির্বাচন করতে না পারেন, তাহলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন।