কেন্দ্রের হস্তক্ষেপ ছাড়া একক প্রার্থী হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের চারটি পৌরসভায় মেয়র পদে একক প্রার্থী নির্ধারণ করা গতকাল রোববারও সম্ভব হয়নি। গত শনিবার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রার্থী নির্ধারণ কমিটির সভায়ও একক প্রার্থী মনোনীত করা যায়নি।
চাঁপাইনবাবগঞ্জ পৌর কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, শনিবারের সভায় একক প্রার্থী নির্ধারণ সম্ভব না হওয়ায় সিদ্ধান্ত হয়, বিভিন্ন থানা ও পৌর কমিটি এবং সংশ্লিষ্ট এলাকার সাংসদকে নিয়ে আলাদাভাবে বৈঠক করবে। বৈঠকে একক প্রার্থী নির্ধারণ করে তা জেলার সভাপতি ও সাধারণ সম্পাদককে জানাবে। কিন্তু রোববার সন্ধ্যা পর্যন্ত এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা হয়নি।
শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ গোলাম রাব্বানী বলেন, ‘শনিবার জেলা কার্যালয়ে অনুষ্ঠিত প্রার্থী নির্ধারণ সভায় মতামত জানিয়ে এসেছি। নতুন করে বৈঠক করার আর উদ্যোগ নেওয়া হয়নি। এর আগে শিবগঞ্জ পৌরসভার নয়টি ওয়ার্ডের সভাপতি ও সম্পাদক এবং উপজেলা কমিটির নেতাদের মতামত নিয়ে কারিবুল হককে প্রার্থী নির্ধারণ করা হয়। গত শনিবারের সভায় তাঁর পক্ষে মতামত দিয়েছি। কিন্তু জেলার নেতারা তাকে চান না।’
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস বলেন, ‘আমার সাংসদীয় এলাকার রহনপুর ও নাচোল পৌরসভা দুটোতেই বৈঠক হয়নি। একক প্রার্থী নির্ধারণও সম্ভব হয়নি।’
জেলা কমিটির সভাপতি মঈনুদ্দীন মণ্ডল বলেন, ‘গতকাল রোববারে একক প্রার্থী ঘোষণার কথা থাকলেও তা সম্ভব হয়নি। প্রার্থীদের তালিকা কেন্দ্রে পাঠানো হয়েছে। কেন্দ্র থেকেই ঘোষণা দেওয়া হবে।’