কেপিএমে আধুনিকায়নের নামে ব্যাপক লুটপাট হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্ণফুলী পেপার মিলের (কেপিএম) বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন ও কেনাকাটায় ব্যাপক লুটপাটের খোঁজ পেয়েছে শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। নতুন যন্ত্রপাতি লাগানোর মাধ্যমে ওই মিলের কয়েকটি মেশিন পুনরায় চালুর কথা থাকলেও জাপানের ঠিকাদারি প্রতিষ্ঠান মারুবেনি মেশিনে পুরোনো যন্ত্রপাতি ব্যবহার করেছে। শর্ত অনুযায়ী মেশিনগুলো টানা সাত দিন চালু থাকার সক্ষমতা অর্জন করার কথা। কিন্তু মারুবেনি মেশিনগুলো চালুই করতে পারেনি। সংসদীয় উপকমিটির তদন্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সর্বশেষ বৈঠকে মারুবেনির ‘পারফরম্যান্স গ্যারান্টি’ বাতিল করে দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে অধিকতর তদন্তের জন্য বিষয়টি দুর্নীতি দমন কমিশনে পাঠানোর সুপারিশ করা হয়েছে। সংসদীয় উপকমিটির পর্যবেক্ষণে বলা হয়েছে, কেপিএমের ২০০ কোটি টাকার আধুনিকায়ন প্রকল্পটি বাস্তবতাবর্জিত। দরপত্রের কাগজপত্র ত্রুটিপূর্ণ। নতুন যন্ত্রপাতির স্থলে পুরোনো যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে। টাকা ছাড়ের ক্ষেত্রে দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে। এই প্রকল্পের ব্যাপারে বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থা (বিসিআইসি) ও শিল্প মন্ত্রণালয় চরম গাফিলতি ও উদাসীনতা দেখিয়েছে। সংসদের শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি ২০০৯ সালে কমিটির সদস্য মুহিবুর রহমানকে (মানিক) আহ্বায়ক করে এবং আনোয়ারুল আশরাফ খান এবং এস এম আবদুল মান্নানকে সদস্য করে এই তদন্ত কমিটি গঠন করে। সম্প্রতি উপকমিটি তাদের তদন্ত প্রতিবেদনটি মূল কমিটিতে জমা দিয়েছে। উপকমিটির সদস্য এস এম আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, কর্ণফুলী পেপার মিলে বিএমআরইর নামে সীমাহীন দুর্নীতি হয়েছে। প্রকল্পের আওতায় নতুন যন্ত্রপাতি কেনার কথা থাকলেও ঠিকদারি প্রতিষ্ঠান পুরোনো যন্ত্রপাতি দিয়ে মেরামতের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে। এই কাজের সঙ্গে পেপার মিলের ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত। কমিটি সূত্র জানায়, সংসদীয় উপকমিটির সঙ্গে বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যন্ত্র প্রকৌশল বিভাগ, কেমিক্যাল বিভাগ ও রসায়ন বিভাগের তিনজন শিক্ষক। বিশেষজ্ঞদের মতে, বিএমআরই প্রকল্পের আওতায় কেনা অধিকাংশ যন্ত্রপাতিই পরীক্ষামূলক ব্যবহারের সময় নষ্ট হয়ে গেছে। যথাযথ কর্তৃপক্ষকে না জানিয়ে প্রকল্পের নির্ধারিত নকশাও পরিবর্তন করা হয়েছে।