কেপিএমের কাগজ কেনার দাবিতে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী পেপার মিলে (কেপিএম) উৎপাদিত কাগজ কেনার দাবিতে কাপ্তাই-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের হুমকি দিয়েছেন কেপিএমের শ্রমিক সংগঠন ওয়ার্কার্স ইউনিয়ন সিবিএর নেতারা। গতকাল বুধবার কেপিএমের প্রধান ফটকে শ্রমিক-কর্মচারীদের সমাবেশে সড়ক অবরোধের ওই হুমকি দেন সিবিএর সভাপতি মো. সোলায়মান ও সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন।সিবিএর সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) জন্য কেপিএম প্রায় আট হাজার মেট্রিক টন সাদা কাগজ উৎপাদন করে। অন্যান্য বছর এনসিটিবি কেপিএম থেকে যথানিয়মে কাগজ কিনে নিলেও এ বছর এনসিটিবি কেপিএম থেকে না কিনে বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে কাগজ কেনার উদ্যোগ নিয়েছে। এনসিটিবি না কেনায় কাগজের ভারে কেপিএমের দ্বিতল গুদাম ভবন ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে। জসিম উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর দপ্তরের ২০১০ সালের ৫৭(১০) নম্বর স্মারকে উল্লেখ রয়েছে, কর্ণফুলী পেপার মিলে উৎপাদিত কাগজ নির্বাচন কমিশন, এনসিটিবি, শিক্ষা বোর্ডসহ সরকারি সব মন্ত্রণালয়ে ব্যবহার করতে হবে। কিন্তু ওই নির্দেশ মানা হচ্ছে না। কেপিএমকে বন্ধ করার ষড়যন্ত্র হিসেবে এর উৎপাদিত কাগজ কেনা হচ্ছে না বলেও তিনি উল্লেখ করেন।সিবিএর সভাপতি মো. সোলায়মান বলেন, কেপিএমের কাগজ এনসিটিবিসহ সব সরকারি দপ্তরকে কিনতে বাধ্য করার জন্য প্রয়োজনে সড়ক অবরোধ করা হবে। পার্বত্য চট্টগ্রামের সঙ্গে সব যোগাযোগ বন্ধ করে দেওয়া হবে।কর্ণফুলী পেপার মিলের ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম খান চৌধুরী গুদামভর্তি কাগজ পড়ে রয়েছে বলে স্বীকার করেন। তিনি কেপিএমের কাগজ বিক্রি করার জন্য পার্বত্য প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার, পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন, এনসিটিবির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার যোগাযোগ করেছেন। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর দপ্তরেও যোগাযোগ করেছেন। তবে কোনো মহল থেকে কাঙ্ক্ষিত সাড়া পাননি বলে জানান। কাগজ রাখার জায়গার অভাবে নতুন করে উৎপাদন করা যাচ্ছে না বলেও তিনি জানান। সহসা কাগজ বিক্রি করে গুদাম খালি না করলে যেকোনো মুহূর্তে দ্বিতল গুদাম ধসে দুর্ঘটনা ঘটতে পারে বলেও ব্যবস্থাপনা পরিচালক আশঙ্কা প্রকাশ করেন।