করোনায় দেশীয় পর্যটন, কিছু প্রশ্নের উত্তর

একদিকে আছে বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন। তার কোল ঘেঁষেই বিস্তীর্ণ উপকূলজুড়ে আছে সমুদ্র। উপকূলে আবার আছে সম্ভাবনাময় সমুদ্রসৈকত। আছে সৈকতে সূর্যোদয়-সূর্যাস্ত দেখার সুযোগ। তার সঙ্গে কখনো কখনো যুক্ত হচ্ছে লাল কাঁকড়ার পাল, ডলফিন, কোরাল, নানা রঙের মাছসহ সমুদ্রের জীববৈচিত্র্য খুব কাছ থেকে দেখার সুযোগ। আছে সবুজবেষ্টিত জলার বন। আছে হাওর, বাঁওড়, নদী-নালা, আরও কত কী!
শুধুই কি জল? স্থলভাগজুড়েও পর্যটনের অপার সম্ভাবনায় ভরা প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। এই ধরুন পাহাড়ের কথাই যদি বলি। আমাদের পুরো পার্বত্য অঞ্চলই অঘোষিত পর্যটনকেন্দ্র। এ ছাড়া আছে বন ও বন্য প্রাণী সংরক্ষণ, কৃষি, মৎস্য শিকার, ধর্মীয় রীতিনীতি, আদিবাসী সংস্কৃতি ও গ্রামীণ জীবনকে ঘিরে পর্যটনের আলাদা আলাদা সম্ভাবনা। অগোছালো হলেও ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত আট বছরে পর্যটন থেকে আয় হয়েছে ৬ হাজার ৬৯৯.১৬ কোটি টাকা, যা দেশের অর্থনীতির জন্য কোনো অংশে কম নয়।
প্রশ্ন, এখন এটা কি শুধুই সম্ভাবনা?
এই প্রশ্নটা দুই পক্ষকে করলে জবাব আসবে দুই রকম। পর্যটন ব্যবসায়ীরা বলবেন, অবশ্যই সম্ভাবনা এবং এ সম্ভাবনা কাজে লাগিয়ে সম্ভব দেশের অর্থনৈতিক পরিবর্তন ঘটানো। যদিও তাঁদের এ দাবি ভুল নয়, তবে পরিবেশবাদীদের একই প্রশ্ন করা হলে তাঁরা বলবেন, পর্যটন বরাবরই দেশের প্রকৃতি, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে, যা পর্যটনের আয়ের তুলনায় বেশি ক্ষতি বয়ে আনছে। এখন ভেবে দেখুন তো এ জবাবটাও কি অযৌক্তিক?
ধরুন সমুদ্র দিয়েই উদাহরণ দিই। সেন্ট মার্টিন বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় একটি স্থান, যেখানে কোরালসহ নানা সামুদ্রিক জীববৈচিত্র্যের বিচরণ। আর তাকে ঘিরে আছে সামুদ্রিক মৎস্যসম্পদের বিশাল প্রজননক্ষেত্র। আছে পর্যটনের অপার সম্ভাবনা। কিন্তু অপরিকল্পিত পর্যটনে সেই সেন্ট মার্টিন এখন পর্যটকের পদচিহ্ন আর প্লাস্টিকের চাপায় মৃতপ্রায়, যা সামুদ্রিক মৎস্যসম্পদের পাশাপাশি পর্যটন সম্ভাবনা ও দ্বীপটির টিকে থাকার জন্য বড় হুমকি।
সরকারের তথ্য মতে, মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি করে ২০১৭-১৮ অর্থবছরে বাংলাদেশ আয় করেছে ৪ হাজার ৩১০ কোটি টাকা, যার ১৬ শতাংশ অবদান ছিল সামুদ্রিক মৎস্যের। অন্যদিকে ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত ৮ বছরে পর্যটন থেকে আয় হয়েছে ৬ হাজার ৬৯৯.১৬ কোটি টাকা। তুলনায় কম-বেশি হলেও দুটি খাতেরই বড় অবদান দেখা যায় দেশের অর্থনীতিতে। তবে পর্যটন এ পরিমাণ অর্থ আয় করতে গিয়ে দেশের প্রাকৃতিক সম্পদের যতটা ক্ষতি করেছে, তার প্রভাব পড়েছে মৎস্যসহ অন্য ক্ষেত্রেও। বর্তমানে এ ক্ষতি তেমন দৃশ্যমান না হলেও এটি দীর্ঘমেয়াদি প্রভাব ফেলবে প্রাকৃতিক সম্পদে।
এখন প্রশ্ন, তাহলে কি পর্যটন বন্ধ করে দেবে?
কখনোই নয়। আমি মনে করি, বন্ধ করা নয়, বরং পরিকল্পিত পর্যটনের মাধ্যমে টেকসই পর্যটন নিশ্চিত করা গেলে প্রকৃতির ক্ষতি না করেই সম্ভব বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রা আয় করা করা। এই ধরুন করোনাকালের প্রকৃতির সঙ্গে যদি অন্য সময়ের তুলনা করি, তাহলেই চলে আসে এ প্রশ্নের জবাব।
বর্তমানে কক্সবাজারে নেই পর্যটকের পদভার। এতে সৈকতের কাছাকাছি খেলা করতে দেখা যাচ্ছে ডলফিনকে। সৈকতে জেগেছে সাগরলতা, বাসা বেঁধেছে কাঁকড়ার পাল। সৈকতজুড়ে কী অপরূপ দৃশ্যই না একে যাচ্ছে তারা। একই চিত্র দেখা গেছে সেন্ট মার্টিনেও। সেখানে বেড়েছে কাছিমের আনাগোনা, নিরাপদে ডিম পাড়ছে তারা। গণমাধ্যমের তথ্যমতে, পর্যটকের বিরক্তি না থাকায় সুন্দরবনের প্রাণীরাও নাকি বিচরণ করছে নিরাপদ চিত্তে।
এখন ভেবে দেখুন তো এ প্রাণীগুলোর আনাগোনা যদি সব সময় থাকে, তাহলে কি পর্যটন কেন্দ্রগুলোর আকর্ষণ বাড়বে, না কমবে? ছোট্ট বাচ্চাও বলবে, এসব প্রাণী সহজে দেখা গেলে বাড়বে পর্যটন ভ্যালু। আমি মনে করি, পর্যটন এলাকায় এসব প্রাণীর বিচরণ ধরে রেখে তা বিশ্বব্যাপী তুলে ধরা গেলে আন্তর্জাতিক দর্শনার্থীদের আগ্রহের নতুন কেন্দ্রবিন্দু হতে পারে বাংলাদেশের পর্যটন। কিন্তু প্রচলিত পর্যটনে তো এ পরিবেশ টিকবে না এক দিনও।
তাহলে করণীয় কী?
করণীয় একটাই হতে পারে, তা হলো নিয়ন্ত্রিত পর্যটন। সরকারের উচিত হবে এখনই সব নৈসর্গিক পর্যটনকেন্দ্রের যথাযথ ধারণক্ষমতার জরিপ করে তার আলোকে পর্যটকের সংখ্যা নির্ধারণ করা। একই সঙ্গে পর্যটকের আচরণেরও গাইডলাইন তৈরি করে তা বাস্তবায়নের কর্মপদ্ধতি নির্ধারণ করা। এ ছাড়া সব পর্যটনকেন্দ্রে পর্যটকপ্রতি এন্ট্রি ফি ও পরিবেশ ট্যাক্সও নির্ধারণ করা দরকার। পর্যটকের কারণে পরিবেশের যে ক্ষতি হচ্ছে, পরিবেশ ট্যাক্সের অর্থ ব্যয় করার ব্যবস্থা করতে হবে সেই পর্যটনকেন্দ্রের প্রাকৃতিক উন্নয়নে।
এভাবে ধারণক্ষমতা নির্ধারণসহ একটি পরিকল্পিত পর্যটনব্যবস্থা গড়ে তোলা গেলে শুধু প্রাকৃতিক পরিবেশই রক্ষা করবে না, এতে পর্যটকের একমুখী চাপ কমে গিয়ে ঘটবে সারা দেশে বিস্তৃতি, যা আলটিমেটলি উপকার করবে তৃণমূল পর্যটনকর্মীসহ স্থানীয় সাধারণ মানুষের জীবনমানের উন্নয়নেও। তাই সংশ্লিষ্ট প্রশাসনের উচিত এখনই সিদ্ধান্ত গ্রহণ করা আগামীর পর্যটন কীভাবে সাজাবেন তাঁরা।
লেখক: ব্যবস্থাপনা পরিচালক, ওয়াইল্ড ট্যুরিজম বাংলাদেশ [email protected]