কেবল এক ব্যক্তির কারণে ধ্বংস হয়ে যাচ্ছে বিমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতাসীন মহাজোটের শরিক জাতীয় পার্টির (জাপা) সাংসদ মুজিবুল হক বলেছেন, বাংলাদেশ বিমান একটি বিপর্যস্ত, অকর্মণ্য ও অথর্ব প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।গতকাল সোমবার জাতীয় সংসদের অধিবেশনে অনির্ধারিত বক্তব্যে অংশ নিয়ে মুজিবুল হক এ মন্তব্য করেন। স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিমও বিমানের সার্বিক অবস্থা নিয়ে বক্তব্য দেন। এ দুই সাংসদই বিমানকে ধ্বংসের জন্য একজন ব্যক্তিকে দায়ী করেন। তবে তাঁরা ওই ব্যক্তির নাম উল্লেখ করেননি। সাংসদ মুজিবুল হক বলেন, বিমানের সময়সূচি অনিশ্চিত হয়ে পড়েছে। বিমানবন্দরে আসা যাত্রীরা যে কী পরিমাণ ভোগান্তি আর কষ্টের মধ্যে আছেন, তা বলে শেষ করা যাবে না। তিনি বলেন, কেবল এক ব্যক্তির কারণে বিমানের এ দুরবস্থা। প্রতিষ্ঠানটি ধ্বংস হয়ে যাচ্ছে। তিনি এ ব্যাপারে সংসদে বেসামরিক বিমান চলাচল মন্ত্রীর বক্তব্য দাবি করেন। বিমানকে রক্ষা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে ফজলুল আজিম বলেন, ব্যক্তিবিশেষকে রক্ষা করতে গিয়ে সরকার একের পর এক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ছে। বিমানের ওই বিশেষ ব্যক্তির বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তা জানতে চান তিনি। তিনি বলেন, ব্যবস্থা না নিলে হজ ফ্লাইটসূচি নিয়ে অনিশ্চয়তা দেখা দেবে।ফজলুল আজিম বলেন, কয়েক ব্যক্তির কারণে শেয়ারবাজার ধ্বংস হয়েছে, পদ্মা সেতু প্রকল্প বন্ধ ও হলমার্ক কেলেঙ্কারি হয়েছে। অর্থমন্ত্রী এখনো বিদেশে ঘুরে বেড়াচ্ছেন। অথচ সরকারের এ নিয়ে কোনো মাথাব্যথা নেই। হলমার্কের এমন ঘটনার পর এখন পর্যন্ত কেন কেউ গ্রেপ্তার হলো না, তা জানতে চাই। তিনি বলেন, একজন উপাচার্যের কারণে বুয়েটে শিক্ষা কার্যক্রম ভেঙে পড়েছে। ব্যক্তিবিশেষের জন্য কেন সরকারের প্রাণ কাঁদবে?