কেবল কৃতিত্ব নিতেই উদ্বোধন!
জনবল, যানবাহন না থাকায় নবনির্মিত ভবনটি নির্মাতা প্রতিষ্ঠানের কাছ থেকে এখনো গ্রহণ করেনি কর্তৃপক্ষ। কিন্তু ভবনটি উদ্বোধনের কৃতিত্ব অন্য কেউ নিয়ে নিতে পারেন—এই শঙ্কায় দ্রুত তা উদ্বোধন করেন লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সাংসদ মোতাহার হোসেন। গত ১৬ আগস্ট এর উদ্বোধন করেন তিনি।
এরপর প্রায় তিন মাস চলে গেছে, কিন্তু এখনো প্রয়োজনীয় যানবাহন ও জনবলের অভাবে হাতীবান্ধা ফায়ার সার্ভিস স্টেশনটি চালু হয়নি। উদ্বোধন হলেও এখনো ফায়ার সার্ভিস স্টেশনের ওই ভবনটি তালাবদ্ধই রয়ে গেছে। এ অবস্থায় আগের মতোই হাতীবান্ধা উপজেলার ১২ ইউনিয়নবাসীকে নির্ভর করতে হচ্ছে পাশের পাটগ্রাম ও কালীগঞ্জ উপজেলা ফায়ার স্টেশনের ওপর।
গত অক্টোবর মাসে হাতীবান্ধা উপজেলায় বেশ কয়েকটি আগুন লাগার ঘটনা ঘটে। এসব অগ্নিকাণ্ডের খবরে পার্শ্ববর্তী উপজেলা থেকে ফায়ার সার্ভিস বাহিনীর লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ করেন। কিন্তু এতে অপেক্ষাকৃত বেশি সময় লাগায় ক্ষয়ক্ষতি বেশি হয় বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, গত মাসে হাতীবান্ধা শহরে বসবাসকারী প্রকৌশলী হায়দার আলীর বাসায় আগুন লাগে। কালীগঞ্জ ও পাটগ্রাম উপজেলার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছাতে পৌঁছাতে সোয়া এক ঘণ্টা লেগে যায়। ততক্ষণে ঘরের আসবাবপত্র ও মূল্যবান সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। এর কয়েক দিন পরই হাতীবান্ধা রেলস্টেশন এলাকার মদিনা বেকারি নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন লাগে। এতে প্রতিষ্ঠানটির কয়েক লাখ টাকার মালামাল পুড়ে যায়। হাতীবান্ধা ফায়ার স্টেশনটি চালু থাকলে ক্ষয়ক্ষতি কম হতো বলে ভুক্তভোগীরাসহ সচেতন মহলের ধারণা।
লালমনিরহাট গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী কামলা হোসেন বলেন, ‘১ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত হাতীবান্ধা ফায়ার স্টেশনটি স্থানীয় এমপি মোতাহার হোসেন স্যার গত ১৬ আগস্ট উদ্বোধন করেছেন।’ তিনি বলেন, যানবাহন ও জনবল না থাকার কথা বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ এখনো নবনির্মিত ভবনটি গ্রহণে আগ্রহ না দেখানোয় তা হস্তান্তর করা যায়নি।
লালমনিরহাট জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মামুনুর রশিদ বলেন, ‘লালমনিরহাট-১ আসনের এমপি মোতাহার হোসেন স্যার নবনির্মিত ওই ফায়ার স্টেশন ভবনটি উদ্বোধনের আগ্রহ প্রকাশ করলে গণপূর্ত বিভাগ ও আমাদের পক্ষ থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয়।’ তিনি বলেন, ‘যানবাহন ও জনবল না থাকায় আমরা ভবনটি গ্রহণ না করা অবস্থায় কেন তিনি এর উদ্বোধন করলেন, সে বিষয়ে আমরা কিছু জানি না।’ কবে ফায়ার স্টেশন ভবনটি গ্রহণ করা হবে, এমন প্রশ্নের জবাবে তিনি কোনো দিন তারিখ নির্দিষ্ট করে জানাতে পারেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা বলেন, অন্য কেউ এসে ভবনটি উদ্বোধন করে ফেলতে পারেন, এমন আশঙ্কায় এবং উদ্বোধনের কৃতিত্ব নিজের দখলে রাখতেই সাংসদ মোতাহার হোসেন তড়িঘড়ি করে এটি উদ্বোধন করেন।
লালমনিরহাট-১ আসনের এমপি মোতাহার হোসেনের মুঠোফোনে গতকাল বুধবার একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।